রাফাল বিতর্কে নয়া মোড়! বিস্ফোরক তথ্য প্রকাশ ফরাসি মিডিয়ায়, এবার বিজেপির নিশানায় কংগ্রেস

আমাদের ভারত, ৯ নভেম্বর:আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে রাফাল যুদ্ধবিমান। তবে এবার পরিস্থিতি পাল্টে গিয়ে কংগ্রেস বিজেপির নিশানায় চলে এসেছে। সোমবার ফরাসি পোর্টাল মিডিয়া পার্টের একটি রিপোর্টকে কেন্দ্র করে এবার রাফাল নিয়ে কংগ্রেসকে নিশানা দাগলো বিজেপি। এককথায় বলা যায়, এবার রাফাল নিয়ে বিজেপির হাত শক্ত।

ফরাসি পোর্টাল মিডিয়া পার্টের রিপোর্টে দাবি করা হয়েছে, যুদ্ধ বিমান নির্মাতা সংস্থা দাসো ভারতে ৩৬টি রাফাল যুদ্ধবিমান বিক্রির জন্য একজন মধ্যস্থতাকারীকে কমপক্ষে ৬৫কোটি টাকা দিয়েছে। আর সেই টাকা ২০১৩ সালের আগে দেওয়া হয়। অর্থাৎ কংগ্রেস আমলে এই লেনদেন হয়েছে। ফলে এবার রাফাল নিয়ে বিজেপির নিশানায় কংগ্রেস চলে এসেছে।

মঙ্গলবার রাফাল নিয়ে কংগ্রেসকে সরাসরি আক্রমণ করেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। ২০১৩ সালে যেহেতু দিল্লির মসনদে কংগ্রেস সরকার ছিল, সেই তত্ত্বকেই সামনে তুলে ধরে নিশানা দাগেন সম্বিত। তাঁর কথায়,২০০৭-২০১২ সালের মধ্যেই এই কেলেঙ্কারি ঘটেছিল। ফরাসি মিডিয়া বিস্তারিত তথ্য তুলে ধরেছে। কিভাবে এই রাফাল দুর্নীতি হয়েছিল ইতালি থেকে সেই ব্যাপারে রাহুল গান্ধীর জবাব দাবি করেন তিনি।

সম্বিত পাত্র প্রশ্ন তুলেছেন, কেন আপনি এবং আপনার দল এত বছর ধরে রাফাল নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলেন? এখন তো সামনে চলে এসেছে আপনাদের সরকারের সময়ই রাফাল নিয়ে কমিশন খাওয়া হয়েছে। যিনি মধ্যস্থতাকারী তার নাম সামনে এসেছে। সম্বিত কটাক্ষ করে বলেছেন, আইএনসির আসল অর্থ “আই নিড কমিশন”। তিনি বলেন, “আমরা দেখেছি ২০১৯ সালের ভোটের আগে বিরোধীরা বিশেষ করে কংগ্রেস কিভাবে মিথ্যা প্রচার করে পালে হাওয়া তোলার চেষ্টা করেছিল। ওরা মনে করেছিল এতে ওদের কিছু রাজনৈতিক লাভ হবে।”

ফরাসি সংবাদমাধ্যম মিডিয়া পার্ট তাদের প্রকাশিত রিপোর্টে দাবি করেছে, যুদ্ধ বিমান নির্মাতা সংস্থার দাসো ভারতে ৩৬টি রাফাল যুদ্ধবিমান বিক্রির জন্য একজন মধ্যস্থতাকারী কে কমপক্ষে ৬৫ কোটি টাকা দিয়েছে। তাদের প্রকাশিত প্রতিবেদনে একটি চালান প্রকাশ করা হয়েছে। যাতে দাবি করা হয়েছে, মধ্যস্থতাকারী হিসেবে জনৈক সুষেণ গুপ্তকে কমিশন দিয়েছিল দাসো।

এই ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগেই। ফরাসি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল রাফাল চুক্তিতে মধ্যস্থতাকারী একটি সংস্থাকে বড় অঙ্কের টাকা উপহার দিয়েছে রাফাল নির্মাণ সংস্থা। যদিও দাসো দাবি করেছিল ১.১ মিলিয়ন ইউরো যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯ কোটি টাকা ভারতীয় একটি সংস্থাকে তারা দিয়েছে রাফালের রেপ্লিকা নির্মাণের জন্য। এই বিতর্ক প্রথম উসকে দিয়েছিল ফরাসি দুর্নীতি দমন শাখার একটি অডিটে। সেখানে এই বেনিয়ম ধরা পড়েছিল বলে দাবি করেছিল ফরাসি সংবাদমাধ্যম। তাদের দাবি দাসোর কাছ থেকে উপহার হিসেবে বড় অঙ্কের টাকা পেয়েছিল অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার্স স্ক্যামে সঙ্গে যুক্ত সুষেণ গুপ্তার সংস্থা। সে সময় অবশ্য কত সালে মধ্যস্থতাকারী এই টাকা পান তার কোনো উল্লেখ ছিল না। ফলে কংগ্রেস বিজেপিকে নিশানা করেছিল। প্রধানমন্ত্রীর কাছে বিবৃতিও দাবি করা হয়েছিল কংগ্রেসের তরফে। কিন্তু সদ্য প্রকাশিত রিপোর্টকে এবার হাতিয়ার করে ময়দানে নামল পদ্মশিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *