করোনা আক্রান্ত হয়ে মৃত্যু জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৬ এপ্রিল: সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী মন্টু বিশ্বাসের মৃত্যুর পর এবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। শুক্রবার বিকেলে বহরমপুরে কোভিড হাসপাতালে তাঁর মৃত্যু হল।

করোনার করাল থাবা থেকে মুক্তি পাচ্ছে না কেউই। রাজনীতিবিদ, সেলেব্রিটি থেকে শুরু করে করোনা গ্রাস করছে সবাইকেই। তবে ভোটের মরশুমে রাজনীতিবিদদের উপরই বেশি প্রভাব ফেলছে করোনা। ফের রাজনৈতিক মহলে করোনার থাবা। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছিলেন জঙ্গিপুর ৫৮ নম্বর বিধানসভার আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী। শুক্রবার বিকেলে তাঁর মৃত্যু হয়। মুর্শিদাবাদ জেলার সব থেকে খারাপ অবস্থা মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমাতে। এই নিয়ে দুইজন রাজনৈতিক দলের প্রার্থী মৃত্যু হল জঙ্গিপুর মহকুমায়।

জানাগেছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এরপর দু তিন দিন আগে তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। গুরুতর অসুস্থ হয়ে বহরমপুর কোভিড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, অবশেষে তার ও মৃত্যু ঘটল শুক্রবার।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালেই করোনা আক্রান্ত অবস্থায় মারা যান সামশেরগঞ্জের জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী রেজিউল হক। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে কংগ্রেসের অন্দরে।

মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রশান্ত বিশ্বাস জানিয়েছেন, গত দুইদিন ধরে কোভিড আক্রান্ত ছিলেন তিনি। গুরুতর অসুস্থ ছিলেন, চিকিৎসকেরা চেষ্টা করছিলেন কিন্তু আর শেষ রক্ষা হল না। শুক্রবার বিকেলে তাঁর মৃত্যু হল।

বর্তমানে যেভাবে দ্রুত হারে ছড়াচ্ছে করোনা, তাতে ভীত সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন। তবুও একাংশের মুখে না আছে মাস্ক, না মানছে সামাজিক দূরত্ব। ডাক্তাররা বারবার করে সব ধরনের করোনা বিধি মানতে বললেও সিংহভাগ মানুষই তা কানে নিচ্ছে না। যার দরুন দ্রুত গতিতে বেড়ে চলেছে করোনা। এই নিয়ে জঙ্গিপুর মহকুমার দুইজন প্রার্থীর কোভিড আক্রান্ত হয়ে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *