সাথী দাস, পুরুলিয়া, ২৬ জুন: সরকারি প্রকল্পে বাড়ি না পাওয়ায় উলঙ্গ হয়ে আক্ষেপ জানালেন ঝালদা দু’নম্বর ব্লকের বেগুনকুদর গ্রাম পঞ্চায়েতের এক বাসিন্দা। তাঁর এই ভাবে আক্ষেপ জানানোর ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে এলাকায়।
খড়ের ঘরে পড়ছে নিয়মিত জল। আর্তি জানালেও একটি ত্রিপলও দেয়নি ছোটবাবু রাজোয়াড় নামের ওই ব্যক্তিকে। আর তাই অভিমানে উলঙ্গ হয়ে প্রতিবাদ করলেন বেগুনকুদর গ্রামের ওই বাসিন্দা। ঝালদা দু’নম্বর ব্লকের বেগুনকুদর গ্রাম পঞ্চায়েতের সামনে উলঙ্গ হয়ে জানালেন প্রতিবাদ। তিনি জানান, “ভাঙ্গা ঘরের চালে নিয়মিত পড়ে জল। পঞ্চায়েতে বহুবার বলেও পাননি আবাস যোজনার ঘর। বৃষ্টিতে ঝরঝর করে জল পড়ছে বাড়িতে। পরিবারের লোকেরা অন্যের বাড়িতে ঘুমাতে যাচ্ছে রাতে। কেন্দ্র বা রাজ্য সরকারের কারও সাহায্য আসেনি। ন্যাংটা সরকার, তাই উলঙ্গ হয়ে জানাচ্ছি প্রতিবাদ।” জঙ্গলে শুকনো কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে কোনওভাবে সংসার চালান তিনি। পরিবারে মোট সদস্য ৫ জন। ওই পরিবারে স্বামী স্ত্রী দুই ছেলে দুই মেয়ে। একটি মেয়ের বিয়ে হয়েছে। অন্যটি দশম শ্রেণিতে পড়ছে। একটি ছেলে ষষ্ঠ শ্রেণি ও অন্যটি নবম শ্রেণিতে পড়ে।

১১ জন সদস্য বিশিষ্ট বেগুনকুদর গ্রাম পঞ্চায়েতে
কংগ্রেস -২, সিপিএম -৩, বিজেপি -৪, ফরওয়ার্ড ব্লক -১, তৃণমূলের ১ জন রয়েছেন। প্রধান সিপিএমের। উপ প্রধান বিজেপির।
বিষয়টি নিয়ে বেগুনকুদর গ্রাম পঞ্চায়েত প্রধান সনীচরণ সিং মুড়া বলেন, “তালিকা অনুযায়ী পরপর হয়ে আসছে ঘর। ক্রমিক নম্বরে তার নাম থাকলে তিনিও পাবেন। তবু কেন তিনি এমনভাবে প্রতিবাদ করলেন তা খতিয়ে দেখা হচ্ছে সমাধানের চেষ্টা করা হবে।”

