সিভিক ভলান্টিয়ারের তাণ্ডবের অভিযোগ, অতিষ্ঠ শান্তিপুরের অদ্বৈত লেনের বাসিন্দারা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ নভেম্বর: সিভিক ভলান্টিয়ারের তাণ্ডবে অতিষ্ঠ গোটা এলাকা। প্রতিদিন এলাকায় বসবাসকারী সাধারণ মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে লকআপে ভরে দেবো বলে হুমকি দেয় এমনটাই অভিযোগ এলাকার স্থানীয় মানুষের। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার বাগচীর বাগান অদ্বৈত লেনের।

ওই এলাকার অধিকাংশ মানুষের অভিযোগ শান্তিপুর থানার সিভিক ভলান্টিয়ার শুভজিৎ বিশ্বাস ওরফে (লালটু) সিভিক পুলিশে কর্মরত বলে পেশির জোরে অযথা এলাকার অধিকাংশ মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এলাকার সাধারণ মানুষ প্রতিবাদ করলে হাজতবাস করাবো বলে হুমকি দেয় ওই সিভিক ভলান্টিয়ার। এলাকার স্থানীয়দের এও অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই সিভিক ভলান্টিয়ার এলাকার সাধারণ মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। প্রতিনিয়ত এলাকায় ঢুকে তাণ্ডব চালায়, মঙ্গলবার ধৈর্যচ্যুত হয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয় ওই এলাকার একাধিক পুরুষ ও মহিলারা। তারা শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এলাকার
সাধারণ মানুষের দাবি, সিভিক ভলান্টিয়ারের দীর্ঘদিনের অত্যাচার তারা আর কিছুতেই সহ্য করতে পারছেন না, পুলিশ যথাযথ ব্যবস্থা নিক। না হলে ওই সিভিক ভলান্টিয়ারের অত্যাচারে এলাকা ছাড়তে বাধ্য হবেন এলাকার স্থানীয় মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *