হাবড়ায় দোকানের ভেতরেই গলায় ছুরি চালিয়ে এক ব্যবসায়ীকে খুন

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ নভেম্বর: দোকানের ভেতরেই এক ব্যবসায়ীকে ধারালো ছুরি দিয়ে খুন করে পালালো এক দুষ্কৃতী। সোমবার সাড়ে সাতটা নাগাদ এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার শ্রীপুর এলাকায়। পুলিশ জানিয়েছ, মৃত ব্যবসায়ীর নাম পার্থসারথি বিশ্বাস (‌৪০)‌। আচমকা এমন ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকার ব্যবসায়ীদের মধ্যে। খবর পেয়েই এলাকায় পৌঁছে যায় হাবড়া থানার পুলিশ। ব্যবসায়ীক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে এই খুন বলে পুলিশ জানতে পেরেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়ার শ্রীপুর এলাকায় নগরউখরা মোড়ে একটি ফার্ণিচারের দোকান রয়েছে পার্থসারথীবাবুর। অন্যান্য দিনের মতো এদিনও তিনি রাতে নিজের দোকানেই বসেছিলেন। এই সময় হঠাৎ করেই এক বক্তি দোকানের ভেতরে ঢুকে তার গলায় খুর চালিয়ে দেয়। তারপরই পালিয়ে যায় সে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় ব্যবসায়ীরা তাঁকে হাবড়া হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসা শুরু করার আগেই তাঁর মৃত্যু হয়। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছায় হাবড়া থানার পুলিশ। প্রাথমিক তদন্তে এবং জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে, সমীর সরকার ওরফে সাধু বলে এক ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদ চলছিল ব্যবসায়ী পার্থসারথীবাবুর। আর তারই জেরে এদিন সমীর এই হামলা চালিয়ে খুন করে তাকে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *