আমাদের ভারত, ২৩ মে: সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে শনিবার পেট্রোল-ডিজেলের আন্তঃ শুল্ক কমানোর কথা ঘোষণা করেছে মোদী সরকার। পেট্রোলের শুল্ক কমানো হয়েছে ৮ টাকা ও ডিজেলের শুল্ক কমানো হয়েছে ৬ টাকা। এর ফলে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কমবে ১০% বলে দাবি করেছেন ক্ষুদ্র ও বৃহৎ ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স।
পেট্রোলে আট টাকা শুল্ক ছাড়ের ও ডিজেলে ছয় টাকা কর ছাড়ের প্রভাব পড়েছে জ্বালানির দামে। পেট্রোলের লিটার প্রতি দাম কমেছে ৯ টাকা ৫০ পয়সা। ডিজেলের দাম কমেছে লিটার প্রতি ৭ টাকা। এই প্রসঙ্গে দেশের ক্ষুদ্র ঔষধ ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের বক্তব্য, সড়কপথে অধিকাংশ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। ফলে জ্বালানির দাম কমায় ঐ সমস্ত জিনিসের দাম কমবে।
কেন্দ্র সরকারের সুরে সুর মিলিয়ে ব্যবসায়ীদের সর্বভারতীয় প্রতিষ্ঠান বলেছে দেশে মূল্যবৃদ্ধির লাগাম টানতে কেন্দ্রের দেখানো পথে হেঁটে রাজ্যগুলির উচিত ভ্যাট কমিয়ে দেওয়া।
সিএআইটি’র জাতীয় সাধারণ সম্পাদক প্রবীণ খান্ডেলওয়ালা বলেছেন, সরকারের এই উদ্যোগকে কাজে লাগিয়ে জিনিসের দাম কমানো উচিত বড় বাণিজ্য সংস্থা গুলির। যার ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন। তার বক্তব্য ৮০% নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ হয় সড়ক পরিবহনে। যা মূলত চলে পেট্রোল-ডিজেলে। কোম্পানী গুলির মাল গুদাম থেকে গ্রাহকের হাতে পৌঁছানো পর্যন্ত তিন ধাপে পরিবহনের খরচ গুনতে হয়। খসড়া হিসেব বলছে কেন্দ্র শুল্ক কমানো হয় কমপক্ষে ১০ শতাংশ কমবে জিনিসের দাম যাতে সরাসরি উপকৃত হবেন দেশের সাধারণ মানুষ।

