পুরুলিয়ায় কৃষি দফতরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মচ্যুত ডেইলি পিস রেটেড মজুরদের

সাথী দাস, পুরুলিয়া, ২৩ মে: পুরুলিয়ায় কৃষি দফতরের সামনে অবস্থান বিক্ষোভ দেখালেন কর্মচ্যুত ডেইলি পিস রেটেড মজুররা। জেলার ব্লক বীজ খামারে কর্মরত এই অস্থায়ী কৃষি মজুরদের কাজ থেকে বাসিয়ে দেওয়ার প্রতিবাদে, কাজে বহাল সহ কাজের স্থায়িত্ব ও বেতন কাঠামোর দাবিতে পুরুলিয়া কৃষি ভবনে এই অবস্থান বিক্ষোভ বলে জানান তাঁরা।

আজ সকাল থেকে কৃষি দফতরের বাইরে জেলার বিভিন্ন ব্লক থেকে জড়ো হন তাঁরা। প্রত‍্যেকটি ব্লকের মোট ৬৮ জন এই ধরনের মজুর রয়েছেন। সংগঠিত হয়েই আজ তাদের দাবি জানান জেলা সদর কার্যালয়ে। দীর্ঘ পাঁচ বৎসর ধরে কৃষি দফতরের অধীনস্থ ব্লকে কৃষি খামার রয়েছে সেখানে দৈনিক মজুরির ভিত্তিতে তাঁরা কাজ করে আসছেন। চলতি বছরের গোড়া থেকে তাঁদের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। এই অবস্থায় গত পাঁচ বছর এই কাজ করলেও হঠাৎ তা বন্ধ হওয়ায় বিপাকে পড়েন তাঁরা। এই অবস্থায় চরম আর্থিক সঙ্কটে পড়েছেন ওই অস্থায়ী কৃষি মজুররা। আগামী দিনে তাঁরা এই কাজ না পেলে সাংসারিক খরচ কীভাবে করবেন সেই নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন। তাই আজ তাঁদের কাজের স্থায়ীকরণ ও মজুরি বৃদ্ধি করে মাসহারার দাবি নিয়ে দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করেন। একটি দাবিপত্র জমা দেন জেলা কৃষি দফতরের ডেপুটি ডাইরেক্টরের কাছে।

এদিন জেলা কৃষি দফতরের ডেপুটি ডাইরেক্টর চন্দন পাল বলেন, “প্রয়োজন অনুযায়ী দৈনিক মজুরিতে তাঁদের কাজ দেওয়া হত খামারে। এই মুহূর্তে কৃষি কাজ শুরু হয়নি, তাই তাঁদের বসানো হয়েছে। বর্ষা এলেই কৃষিকাজ শুরু হবে। তখন আবার তাঁদের কাজে লাগানো হবে। তবুও পুরো বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *