মানবিক মূল্যবোধের পরিচয় মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্ৰের ঠিকা শ্ৰমিকদের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৪ জুলাই: করেনা অতিমারিতে কাজ হারানো অসহায় শ্ৰমিকদের পাশে দাঁড়িয়ে মানবিক মূল্যবোধের পরিচয় রাখলো মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্ৰের ঠিকা শ্ৰমিকেরা।
করোনার দ্বিতীয় ঢেউ মহামারীর রূপ নিতেই তা প্ৰকট আকার নিয়েছে। মেজিয়া শিল্পাঞ্চলে বহু মানুষ কাজ হারিয়েছেন। গত ৩ মাস ধরে সেইসব পরিবারগুলি যেভাবে অসহায়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন তা অত্যন্ত বেদনাদায়ক। সেইসব কাজ হারানো পরিবারগুলির পাশে দাঁড়ালেন শিল্পাঞ্চলের মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের ১ থেকে ৪ নম্বর ইউনিটে কর্মরত ইলেকট্রিক ও সিএইচপি বিভাগের শ্রমিকরা।

রবিবার তারা খাদ্যসামগ্রীর সাথে সাবান, মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি তুলে দেন দুঃস্থ পরিবারগুলির হাতে। এই ঠিকা শ্রমিকদের পক্ষে গৌর কুন্ডু, নারায়ণচন্দ্র জানা, কাজল খাঁ বলেন, আমরা সামান্য মাইনেতে কাজ করলেও নুন ভাতের সাথে অল্প পরিমাণে হলেও সবজি এবং পোশাক পরিচ্ছদের সঙ্গে পরিবারের জন্য ওষুধপত্র ইত্যাদি যোগাড় করতে পারছি। কিন্তু যারা কাজ হারিয়েছেন তারা তো কিছুই পাচ্ছেন না, তাদের এই দুর্দশার কথা ভেবেই সামান্য সাহায্য তুলে দিলাম।

রবিবার বিদ্যুৎ প্রকল্পের কলোনি গেটের সামনে লাগাপাড়ায় এই খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা। তাদের মাসিক বেতনের একটা অংশ আদায় করে চাল, ডাল, আলু, নুন, হলুদ, শুকনো লঙ্কা ও মশলাপাতির পাশাপাশি সাবান, মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়। ঠিকা শ্ৰমিকদের এই প্ৰয়াস দেখে প্রবীণ শিক্ষক নিতাইচন্দ্র মাজি বলেন, এই সামান্য আয়ের ঠিকা শ্রমিকরা যে মূল্যবোধের পরিচয় রাখলেন তা সমাজের দণ্ডমুণ্ডের কর্তাদের কাছে শিক্ষনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *