সাথী দাস, পুরুলিয়া, ১৬ জুন: নিম্নচাপের জেরে বৃষ্টির কারণে জল থৈ থৈ রঘুনাথপুরের বিভিন্ন এলাকা। টানা ২৪ ঘন্টা বৃষ্টিতে রঘুনাথপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন স্থান, চেলিয়ামা রোড, পূর্বপল্লী এলাকা, রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় জল জমতে দেখা যায়। একই সাথে টানা কয়েক ঘণ্টার বৃষ্টির জেরে রঘুনাথপুর এলাকার বেশ কয়েকটি কাঁচা বাড়ির দেওয়াল ভেঙ্গে যায়। যদিও হতাহতের খবর নেই। যসের ধাক্কা সামলে উঠতে না উঠতেই প্রবল বৃষ্টিতে নাজেহাল অবস্থা এলাকার বেশ কিছু অসহায় দুঃস্থ মানুষের। এরকম অবস্থায় প্রশাসনের সাহায্যের আশা নিয়ে বসে রয়েছেন তাঁরা। নিকাশি ব্যবস্থা না থাকায় চরম সমস্যায় রয়েছেন রঘুনাথপুর পুরসভার ওই এলাকাবাসি।

এদিকে জমে থাকা জল বার করার জন্য সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায় রঘুনাথপুর দমকল বিভাগকে। তারা পাম্পের মাধ্যমে জমে থাকা জল বার করার উদ্যোগ নিয়েছে।


