লাদাখে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশে কর্মরত ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ রঘুনাথপুরের ন’পাড়া গ্রাম

সাথী দাস, পুরুলিয়া, ১৬ জুন: লাদাখে কর্মরত ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ জওয়ানের অস্বাভাবিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ল রঘুনাথপুর থানার ন’পাড়া গ্রাম। ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের ১৬ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন ওই গ্রামের নিরঞ্জন কুম্ভকার(৩৬)। প্রায় এক বছর ধরে লাদাখে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)র কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি। মঙ্গলবার রাতের দিকে লাদাখে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থতার খবর আসে তাঁর বাড়িতে। কর্মস্থলে সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। আজ সকালে চিকিৎসা চলাকালীন ওই জওয়ানের মৃত্যু হয় বলে খবর পেয়েছেন ওই জওয়ানের পরিবার। ময়নাতদন্তের পর দেহ কীভাবে বাড়ি ফিরবে তা অজানা শোকার্ত পরিবারের কাছে।

নিরঞ্জনের বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা ও মা। রয়েছেন স্ত্রী ও চার বছরের পুত্র সন্তান। রয়েছে তাঁর দুই দাদা ও বৌদি। হঠাৎ এই দুঃসংবাদ পেয়ে পরিবারের বুকে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন নিরঞ্জনের স্ত্রী সহ পরিবারের সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *