সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ আগস্ট: ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ৭০ টি বিরল প্রাজতির কচ্ছপ সহ এক মহিলা পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ। শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার বর্ণবেড়িয়া মনসাতলা এলাকা থেকে কচ্ছপ সহ পুতুল বিশ্বাস নামে এক মহিলাকে আটক করে বিএসএফ জওয়ানরা। বিএসএফের পক্ষ থেকে কচ্ছপ সহ ওই মহিলা পাচারকারীকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত মহিলাকে রবিবার বনগাঁ আদালতে তোলা হয়।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার বর্ণবেড়িয়া মনসাতলা এলাকা দিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল পুতুল বিশ্বাস। তার হাতে দুটি পলিথিনের ব্যাগ ছিল। সীমান্তে কর্তব্যরত জওয়ানদের সন্দেহ হলে ওই মহিলাকে আটক করে। এরপর ওই মহিলার হাতে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশি চালানোর পর দেখা যায়, তারমধ্যে ৭০টি বিরল প্রজাতির কচ্ছপ রয়েছে। যদিও সেগুলি আকারে ছোট। এরপর ওই পাচারকারীকে গ্রেফতার করে বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাকে বনগাঁ বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়।
বন দপ্তর সূত্রের খবর, ভিন রাজ্য থেকে এই ধরনের কচ্ছপগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়। ধৃত মহিলাও সেইভাবে কচ্ছপগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এই ধরনের কচ্ছপ অ্যাকুরিয়ামে সাজিয়ে রাখার জন্য বাংলাদেশে চাহিদা থাকায় সেগুলি পাচার হয়।

