সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৬ জানুয়ারি: মায়ের কুকিত্তি জেনে যাওয়ায় মেয়েকে জব্দ করতে নিজের প্রেমিকের কাছে মেয়েকে পড়তে পাঠায় মা। আর সেই সুযোগ নিয়ে মায়ের প্রেমিক ওই ছাত্রীকে একাধিক বার ধর্ষণ করে। এমন কি ওই কিশোরীকে খুন করে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন পড়ানোর নাম করে বাড়ি ডেকে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। বেশ কয়েক বার গর্ভবতীও হয়ে যায় মেয়ে। গর্ভ নিরোধক ওষুধ খাওয়ায় তাঁর মা এমনই অভিযোগের ভিত্তিতে মা ও মায়ের প্রেমিককে পুলিশ গ্রেফতার করে। ধৃতদের নাম ইসলাম মন্ডল, অভিযুক্ত মা সুমিতা ভৌমিক।

পুলিশ সূত্রের খবর, শনিবার বনগাঁ চাইল্ড লাইনের পক্ষ থেকে ঘটনার কথা জানিয়ে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। রবিবার সকালে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ইসলাম মন্ডলের সঙ্গে সুমিতা ভৌমিকের বছর পাঁচেক ধরে প্রেমের সম্পর্ক রয়েছে৷ এমনকি মায়ের সঙ্গে ইসলামের কুকিত্তি দেখেও ফেলে মেয়ে। প্রতিবাদ করতে গেলে মেয়েকে মারধর করত মা ও তাঁর প্রেমিক। সম্পর্ক নিয়ে এলাকাতেও কানাঘুষো চলত। মেয়েকে জব্দ করতে বছর দুয়েক আগে তার প্রেমিকের কাছে টিউশন পড়তে পাঠায় সুমিতা। অভিযোগ, এরপর বাড়িতে পড়াতে এসে একাধিকবার ওই কিশোরীকে ধর্ষণ করে অভিযুক্ত। কিশোরী মাকে জানালে মা চুপ করে থাকতে বলতেন। অভিযোগ, প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে মেয়েকে একাধিকবার গর্ভনিরোধক ট্যাবলেট খাইয়েছিল সুমিতা।
দিন কয়েক আগে ওই ছাত্রী ঠাকুমার কাছে ঘটনার কথা খুলে বলে। ঘটনার কথা শুনেই বৃদ্ধা ঠাকুমা গোপালনগর থানার দ্বারস্থ হয়। এরপর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ মা ও মায়ের প্রেমিককে গ্রেফতার করে। ধৃতদের আজ বনগাঁ আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

