স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ সেপ্টেম্বর: রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গেটের বাইরে ঝোলানো রয়েছে নোটিশ। তাতে লেখা আছে “হাফপ্যান্ট পরে প্রবেশ নিষেধ”। আর সাত সকালে এই নোটিশ দেখে কার্যত অবাক এলাকার বাসিন্দা সহ পঞ্চায়েত কর্মীরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট মহকুমার রামনগর ২ গ্রাম পঞ্চায়েতের অফিসে। বুধবার সকালে এই নোটিশ দেখে হকচকিয়ে যান সকলেই। পোশাকে কি যায় আসে এই প্রশ্নও ওঠে।
উল্লেখ্য, দুয়ারে সরকার প্রকল্পকে ঘিরে গত একমাস ধরে বহু মানুষের আনাগোনা পঞ্চায়েত চত্বরে। এই সময় পোশাকের প্রতি দৃষ্টি না দিয়ে অনেকেই অশালীন পোশাক পরে আসছেন বলে অভিযোগ। বিশেষত হাফ প্যান্ট বা বারমুডা পরার আধিক্য বেড়েছে। যেগুলি বেশ দৃষ্টিকটু এবং অভদ্র পোশাক বলেই মনে হয়েছে কর্তৃপক্ষের। তাই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

রামনগর ২ পঞ্চায়েতের প্রধান সুজিত জোয়াদ্দার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত মহিলাদের জন্য একটা প্রকল্প ঘোষণা করছেন। স্বাভাবিকভাবে মহিলাদের আনাগোনা পঞ্চায়েতে বেড়ে যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য মহিলাদের আনাগোনাও বেশি ছিল। এমন এমন সময়ে প্রাপ্তবয়স্ক পুরুষরা একদম ছোট প্যান্ট পরে যখন মহিলাদের টপকে আমার ঘরে আসে তখন অনেক মহিলা প্রতিনিয়ত আমার কাছে অনুরোধ জানায় যে অন্তত মানুষকে বুঝিয়ে হাফপ্যান্টের বদলে ফুল প্যান্ট পরে আসা হোক এই বার্তাটি দেওয়া হোক। এটা শুধু দৃষ্টিকটু নয় অভদ্র পোশাকও বটে।
যদিও স্থানীয় বাসিন্দাদের মতে, এই নিয়ম মোটেও ভালো নয়। কে কি পোশাক পরবেন তা তাদের ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া হাফ প্যান্ট মোটেও কোনও অশালীন পোশাক নয়। দৈনন্দিন কাজ করার সময় হাফ প্যান্ট পরে থাকেন তারা এমনকি ভিন রাজ্যে কাজে গেলেও সেই হাফ প্যান্ট সঙ্গী হয়। রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে পঞ্চায়েতের এই সিদ্ধান্তকে ঘিরে।
বিজেপি কর্মীরা বলছেন, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে ওদের দলের কর্মীরাই এই ধরনের বিশ্রী পোশাক পরেন তাই এই নিয়ম। বিজেপি কর্মীরা আরও বলেন, তালিবানি ফতোয়া জারি করেছে রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান।


