অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১১ আগস্ট: প্রতিটি নদীকে কেন্দ্র করে যেমন গড়ে উঠেছে তার নিজস্ব সভ্যতা ও সংস্কৃতি তেমন সুবর্ণরেখা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে তার একান্ত নিজস্ব সংস্কৃতি সুবর্ণরৈখিক সংস্কৃতি। সেই সুবর্ণরৈখিক সংস্কৃতিতে বাঙ্গালির রাখি পূর্ণিমা ‘গমহা পুঁনেই’ নামে পরিচিত। মৈত্রীর এই রাখি বন্ধন বা গমহা পুঁনেই উৎসব সারা দেশবাসীর সঙ্গে সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতির মানুষজন পালন করলেন।

বৃহস্পতিবার সকালে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ ‘আমারকার ভাষা আমারকার গর্ব’ ফেসবুক গ্রুপের ডাকে সাড়া দিয়ে রাজ্যের একাধিক জায়গায় যেমন পালন করা হয় এই উৎসব তেমনি দেশের রাজধানী দিল্লি থেকে শুরু করে বাণিজ্য নগরি মুম্বাই, দেশের বাইরে আমেরিকা, ভিনল্যান্ড, কুয়েত, থাইল্যান্ড, ওমান সহ একাধিক জায়গায় কর্ম সুত্রে থাকা সুবর্ণরৈখিক ভাষা সংস্কৃতির পৃষ্ঠ পোষকরা দিনটি পালন করেন।

এদিন সকালে গ্রুপের একাধিক সদস্য গোপীবল্লভপুরের কুঠিঘাট ব্রিজ সংলগ্ন সুবর্ণরেখা নদীর জলে ভেলা ভাসিয়ে গমহা পুঁনেই বা রাখি বন্ধন উৎসবের সুচনা করেন তার পর পথ চলতি অসংখ্য মানুষকে রাখি পরিয়ে মৈত্রীর বার্তা দেন।


