রাখাল থাকলেও ছিল না গরু- বাছুর, গবাদিপশু ছাড়াই পালিত হল রায়গঞ্জের ঐতিহ্যবাহী গোষ্ঠ উৎসব

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১ নভেম্বর: গোষ্ঠ উৎসবে রাখালরা থাকলেও এবার ছিল না গরু, বাছুর বা কোনও পশু। রায়গঞ্জের ঐতিহ্যমন্ডিত গোষ্ঠ উৎসব পালন হল গবাদিপশু ছাড়াই। কারণ দুর্গা পুজোর কার্নিভালে গরুর সিং’য়ের গুঁতোয় প্রাণ গিয়েছিল এক ব্যক্তির। আর সেই কারণেই গোষ্ঠ উৎসবের শোভাযাত্রায় গবাদি পশু নেওয়ার অনুমতি মেলেনি প্রশাসনের।

রাস পূর্ণিমাকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে শুরু হল রায়গঞ্জ বন্দর এলাকার স্বর্গীয় পন্ডিত গোপাল মন্ডল প্রতিষ্ঠিত গোষ্ঠ উৎসব। এদিন বেলা ১০ টা নাগাদ রায়গঞ্জ শহরের বন্দর এলাকার গোপাল বান্ধব পাঠশালা প্রাঙ্গন থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রায়গঞ্জ গোষ্ঠ উৎসব এবার ৯৬ তম বর্ষে পদার্পণ করল। গোষ্ঠ উৎসব দেখতে হাজার হাজার দর্শনার্থী রায়গঞ্জ শহরের রাজপথের দু’ধারে ভিড় জমিয়েছিল।

বিগত দু’বছর অতিমারি করোনার কারণে তেমনভাবে পালন করা যায়নি গোষ্ঠ উৎসব। এবছর করোনার আবহ কাটিয়ে উৎসবমুখর মানুষ দুর্গোৎসব থেকে শুরু করে দীপাবলি এবং ছট উৎসবে মেতে উঠেছেন। এবার গোষ্ঠ উৎসবে মেতে উঠলেন রায়গঞ্জবাসী। রায়গঞ্জের বন্দর এলাকার গোপাল বান্ধব পাঠশালা থেকে শুরু হয় গোষ্ঠ উৎসবের শোভাযাত্রা। গোপ সখা সখী সহ রাধাকৃষ্ণ, শ্রীকৃষ্ণের বাল্যলীলা প্রদর্শন করে এলাকার খুদেরা। সুদৃশ্য ট্যাবলো সাজিয়ে শয়ে শয়ে ধর্মীয় মানুষের মিছিল রায়গঞ্জের দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে চলেছে। মূলত শ্রীকৃষ্ণলীলারর সমস্ত রূপের সাজে ছোট ছোট ছেলেমেয়েরা। কেউ বা কৃষ্ণ, কেউ বা রাধা সেজে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

প্রতিবছরই বন্দর এলাকার যে সব বাড়িতে গোরু থাকে সেইসব গোরু নিয়েও শোভাযাত্রায় অংশগ্রহণ করতেন স্থানীয় পূন্যার্থীরা। থাকতো হাতি ঘোড়াও। কিন্তু এবার ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার গোষ্ঠ উৎসব রায়গঞ্জে প্রদর্শিত হল গরু বা অন্যান্য পশু ছাড়াই। এর কারণ গত ৭ অক্টোবর রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত দুর্গা পুজোর কানিভালের ভয়াবহ দুর্ঘটনা। কার্নিভালের শোভাযাত্রায় থাকা বলদের গাড়ির বলদ ছুটে যাওয়ায় হুলুস্থূল কান্ড বেঁধে গিয়েছিল। বলদের শিংয়ের গুঁতোয় মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। আহত হয়েছিলেন বেশ কয়েকজন। আর এই ঘটনার পরই নড়েচড়ে বসে রায়গঞ্জ পুলিশ প্রশাসন। কোনও শোভাযাত্রাতেই আর নেওয়া যাবে না কোনও পশু। অনুমতি না মেলায় এবারে গোষ্ঠ উৎসবেও গরু ছাড়াই রাখাল সেজে শোভাযাত্রায় অংশ নিয়েছে।

রায়গঞ্জ গোষ্ঠ উৎসব কমিটির সম্পাদক গৌর চন্দ্র সাহা বলেন, এবারে গোষ্ঠ উৎসবে আমাদের এলাকারই এক ব্যক্তি দুর্গা পুজোর কার্নিভালে গরুর সিংয়ের গুঁতোয় প্রাণ হারিয়েছিল। সেকারণে প্রশাসনের অনুমতি না মেলায় এবার গোষ্ঠ উৎসবের শোভাযাত্রায় গরু বা অন্যান্য পশুর ব্যাবহার করা হয়নি। শুধু বন্দর এলাকাই নয়, রায়গঞ্জের আপামর সনাতনধর্মাবলম্বী মানুষ গোষ্ঠ উৎসবে মেতে ওঠেন। রায়গঞ্জের রাজপথ দিয়ে চলা গোষ্ঠ উৎসবের সুদৃশ্য শোভাযাত্রা দেখতে বহু মানুষ ভিড় করেন। রায়গঞ্জের এই গোষ্ঠ উৎসব চলবে আগামী রাস পূর্ণিমার দিন পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *