পোস্টার নিয়ে প্রশ্ন আতঙ্কের জঙ্গলমহলে

জে মাহাতো, ঝাড়গ্রাম, ২৭ এপ্রিল:
জঙ্গলমহলে এখন প্রতিদিন মাওবাদীদের নামে লাগানো পোস্টার উদ্ধারের খবর পাওয়া যাচ্ছেl এই ঘটনায় কিছুটা আতঙ্কিত এলাকার মানুষ। তাদের মনে প্রশ্ন জাগছে, এসব কি নিছকই আতঙ্ক ছড়ানোর চেষ্টা না কি জঙ্গলমহলে সত্যি সত্যি ফের মাওবাদীদের আনাগোনা শুরু হয়েছে?

এমনিতেই হাই এলার্ট জারি করা হয়েছে জঙ্গলমহলেl চলছে নাকা চেকিং, বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাl তার মধ্যেই কোনও না কোনও এলাকায় প্রতিদিন পোস্টার উদ্ধার হচ্ছেl মাওবাদী কার্যকলাপের অভিযোগে সোমবার চারজনকে গ্রেপ্তার করা হয়েছেl মঙ্গলবার ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর সংলগ্ন বাঁকুড়া জেলার ঢেকো বাস স্ট্যান্ড ও সারেঙ্গা এলাকার ভুসুডিহি থেকে এক গুচ্ছ পোস্টার উদ্ধার হয়েছেl পোস্টারগুলিতে কিষানজীর মৃত্যুর বদলা চাই, তৃণমূল নেতাদের সঙ্গে খেলা হবে, বর্তমান সরকারের সময় শেষ, বল হরি হরি বল ইত্যাদির পাশাপাশি পুলিশকেও হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছেল

জঙ্গলমহলের বিভিন্ন এলাকা থেকে সাদা কাগজের উপর লাল কালিতে লেখা সিপিআই মাওবাদী উল্লেখ থাকা উদ্ধার হওয়া পোস্টারগুলি কে বা কারা দিচ্ছে তা নিয়ে জঙ্গলমহলের বাসিন্দাদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছেl সোমবার বিনপুর এলাকা থেকে গ্রেপ্তার হওয়া দম্পতি প্রকৃত মাওবাদী কার্যকলাপে যুক্ত, না কি টাকার বিনিময়ে পোস্টার লেখার কাজ করতো তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছেl যদিও ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন, পোস্টারের লেখার সঙ্গে ধৃত দম্পতির হাতের লেখার মিল পাওয়া গেছেl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *