প্রতীতি ঘোষ, বারাসত, ১৭ মে:
রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সহ চার তৃণমূল নেতা মন্ত্রীকে সিবিআইয়ের গ্রেপ্তারের প্রতিবাদে ব্যারাকপুর মহকুমার বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মী সমর্থকরা অবস্থান বিক্ষোভে সামিল হলেন। দুপুরে কামারহাটি পৌরসভার সামনে বেলঘরিয়া রথ তলা মোড়ে বি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল নেতা-কর্মী সমর্থকরা। অন্যদিকে পানিহাটি, আগরপাড়া দেশবন্ধু নগর সহ
ব্যারাকপুরের বিভিন্ন প্রান্তে গ্রেফতারের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান।
দুপুরে কামারহাটিতে তৃণমূল নেতা ও পৌর প্রশাসক গোপাল সাহা এবং তৃণমূল নেতা বিমল সাহার নেতৃত্বে বিটি রোডের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে তৃণমূল কর্মীরা। লক ডাউনের মধ্যে জমায়েত করে এই ধরনের বিক্ষোভ কর্মসূচির ফলে বিপাকে পড়ে যান জরুরী পরিষেবার সাথে যুক্ত যাত্রীরা।
ক্ষিপ্ত তৃণমূল কর্মী ও তৃণমূলের নেতারা অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই গ্রেফতারির ঘটনা ঘটেছে। বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। তাই চক্রান্ত করে নারদা কান্ডের নাম করে বিজেপি এইসব করছে। তারা অবিলম্বে গ্রেফতার হওয়া তৃণমূল নেতাদের ছেড়ে দেওয়ার দাবি করেন। সেই সঙ্গে এর বিরুদ্ধে আগামী দিনে আরও জোরদার আন্দোলন কর্মসূচি সংগঠিত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতারা।

