আমাদের ভারত, শিলিগুড়ি, ১৫ সেপ্টেম্বর: মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও নির্বাচন এখনও অধরা শিলিগুড়ি মহকুমা পরিষদের। আর তাই গ্রামীণ এলাকায় নাগরিক পরিষেবা ভেঙে পড়েছে। বিপাকে পড়ছেন গ্রামের মানুষ। তাই অবিলম্বে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন করার দাবি জানিয়ে বুধবার আন্দোলনে সরব হল দার্জিলিং জেলা বামফ্রন্ট।
এদিন বাম নেতা অশোক ভট্টাচার্য, সিপিএমের জেলা সম্পাদক জীবেশ সরকারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়, যা অনিল বিশ্বাস ভবন থেকে শুরু হয়ে মহকুমা পরিষদে গিয়ে শেষ হয়। এদিনের রাজনৈতিক কর্মসুচি ঘিরে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মহকুমা পরিষদ চত্বরে মোতায়ন ছিল বিশাল পুলিশ বাহিনী। মিছিল মহকুমা পরিষদ চত্বরে প্রবেশের আগেই আটকে দেয় পুলিশ। অবশেষে গেটের সামনেই বিক্ষোভে সামিল হয় তারা।

উপস্থিত বাম নেতারা সেখানেই একে একে নিজেদের বক্তব্য তুলে ধরেন। পরে ৫ জনের এক প্রতিনিধি দল মহকুমা পরিষদে জেলাশাসকের কাছে স্মারকলিপি তুলে দেয়। এপ্রসঙ্গে বাম নেতা অশোক ভট্টাচার্য বলেন, রাজ্যে যদি উপনির্বাচন করা যায় তাহলে পুরনিগম ও মহকুমা পরিষদ নির্বাচন কেন করা যাবে না? আসলে রাজ্যের শাসকদল হারের ভয়েই নির্বাচন করাতে চাইছে না। কিন্তু অনৈতিকভাবে বোর্ড গঠন করে তারা মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ। তাই আমরা চাই দ্রুত নির্বাচন করা হোক মানুষের স্বার্থে।

