জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ নভেম্বর: কর্পোরেট পন্থী কৃষক বিরোধী তিনটি কালা কৃষি আইন সংসদের মাধ্যমে বাতিল, বিদ্যুৎ আইন ২০২১ বাতিল, কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি আইন সঙ্গত করাসহ অন্যান্য দাবিতে সংযুক্ত কিষান মোর্চার ডাকে সারা ভারতবর্ষের জেলায় জেলায়, রাজ্যগুলির রাজধানী ও দিল্লিতে বিক্ষোভ মিছিল ও অভিনন্দন সভা হয়। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের অল ইন্ডিয়া কিষান খেতমজদুর সংগঠন এআইকেকেএমএসের ডাকে পশ্চিম মেদিনীপুর শহরজুড়ে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। এদিন পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দপ্তরের সামনে সাড়ে সাতশ কৃষক শহিদের স্মরণে শহীদ বেদীতে মাল্যদান ও অভিনন্দন সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন এসইউসিআইসি বেলদা সাংগঠনিক জেলা সম্পাদক তুষার জানা, এ আইকেকেএমএসের জেলা সম্পাদক প্রভঞ্জন জানা, স্বদেশ পরিয়া,
এআইইউটিইউসি’র জেলা সম্পাদক পূর্ণ বেরা, বঙ্কিম মুর্মু, অহীন পাত্র প্রমুখ।

সরকারি সহায়ক মূল্য ১৯৪০ টাকা কুইন্টাল মূল্যে প্রতি অঞ্চলে ক্যাম্প করে ধান কেনা, ১০০ দিনের কাজের পূর্ণাঙ্গ রূপায়ন, সারের কালোবাজারি রোধ সহ অন্যান্য দাবিতে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক ও ডিস্ট্রিক্ট কন্ট্রোলারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। শহিদদের পরিবারকে ক্ষতিপূরণ, কৃষকদের মিথ্যা মামলা প্রত্যাহার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগ সহ অন্যান্য দাবিতে সংযুক্ত কিষান মোর্চার নেতৃত্বে আন্দোলন গড়ে উঠবে বলে জানানো হয়। কৃষক আন্দোলনে বর্ষপূর্তি উপলক্ষ্যে দাঁতন দু’নম্বর ব্লকেও অভিনন্দন সভা ও বিক্ষোভ মিছিল হয়। সেখানে নেতৃত্ব দেন বলরাম দাস, বিষ্ণু মিশ্র, সন্তোষ জানা প্রমুখ। কৃষক আন্দোলনের এই ঐতিহাসিক জয় থেকে শিক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণ নীতি, জাতীয় শিক্ষানীতি, সরকারের রেল- ব্যাংক- বীমা বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান।

