পাড়ায় শিক্ষালয়ের প্রতিবাদ, প্রাথমিক স্কুল খোলার দাবিতে সরব উস্থি শিক্ষক সংগঠন

জয় লাহা, আমাদের ভারত, দুর্গাপুর, ২ ফেব্রুয়ারি: পাড়ায় শিক্ষালয়ে পড়াশোনার অনুকূল পরিবেশ থাকবে না। আর তাই স্কুল খোলার দাবিতে সরব হল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বুধবার শিক্ষক সংগঠনের পক্ষে পাড়ায় পাড়ায় শিক্ষালয়ের প্রতিবাদে ও স্কুল খোলার দাবিতে দুর্গাপুর মহকুমাশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।

এদিন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে যুক্তি দেখিয়ে একগুচ্ছ দাবি জানানো হয় এবং তাদের আশঙ্কা প্রাথমিক স্কুলের শিক্ষা ব্যাবস্থাকে বেসরকারীকরণের পথে নিয়ে যাওয়া হচ্ছে। সংগঠনের পক্ষে ভাস্কর ঘোষ জানান,” পাড়ায় শিক্ষালয়ে পড়ুয়াদের সুরক্ষা কতখানি সেটা দেখতে হবে। তাদের পানীয় জলের ব্যবস্থা থেকে শৌচাগারের ব্যবস্থা থাকবে কি না সেখানে। তাতে সমস্যা তৈরী হবে। স্কুলের মধ্যে পঠনপাঠনের যে পরিকাঠামো এবং অনুকূল পরিবেশ থাকে, পাড়ায় শিক্ষালয়ে সেই পঠনপাঠনের উপকরণ ও অনুকুল পরিবেশ থাকবে না। এছাড়াও মিড ডে মিল বন্ধ থাকছে। তাতে ম্যাল নিউটেশন বাড়ছে। গত দু’বছর ধরে পড়ুয়াদের যেভাবে তৈরী করা খাবারের বদলে তার উপকরণ দেওয়া হচ্ছে, সেটা পরিমাণে কম এবং তৈরী করা খাবার না দেওয়ায় অনেক পড়ুয়াদের ম্যাল নিউটেশন বাড়ছে।” তিনি আরও বলেন,” সবই যখন খুলছে, তখন স্কুল পুনরায় খোলা হোক।” তিনি আরও বলেন, “আমাদের আশঙ্কা এভাবে হয়তো প্রাথমিক শিক্ষা ব্যাবস্থাকে বেসরকারীকরণের পথে নিয়ে যাওয়া হচ্ছে। তাই আমাদের দাবি, পাড়ায় শিক্ষালয় না করে পুনরায় স্কুল খোলা হোক।” 

মূলত এই অভিযোগ নিয়ে এবং দ্রুত প্রাথমিক স্কুল খোলার দাবিতে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন আজ হাইকোর্টে IA (CAN 1/2022) ফাইলের মাধ্যমে জনস্বার্থ মামলায় যুক্ত হল। তাদের বক্তব্য, শিক্ষাঙ্গন বন্ধ করে শিক্ষার্থীদের সাথে প্রহসন ও শিক্ষাকে বেসরকারিকরণের চক্রান্তকে আমরা ব্যর্থ করবই। তার জন্য লড়াইয়ের সব পথেই আমরা হাঁটব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *