Awareness programme, Nadia, নদীয়ার মাটিয়ারি ঘাটে গণতন্ত্র ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে কর্মসূচি

আমাদের ভারত, নদীয়া, ১১ এপ্রিল: নদীয়ার কালীগঞ্জ ব্লকের মাটিয়ারি ঘাটে গণতন্ত্র ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে অনুষ্ঠিত হল SVEEP (Systematic Voters’ Education and Electoral Participation) কর্মসূচি। শনিবার বিকেল ৩টে নাগাদ মাটিয়ারি হাই স্কুল ও সংলগ্ন ঘাট এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় প্রশাসনের আধিকারিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষ।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল “Vriksharopan for Democracy” শীর্ষক বৃক্ষরোপণ অভিযান। প্রায় ২০০০টি চারাগাছ রোপণের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয়। পাশাপাশি “Kachrathon for Clean Elections” এর উদ্যোগে ঘাট এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়, যার মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব তুলে ধরা হয়।

এদিন স্থানীয় মৎস্যজীবী ও সাধারণ মানুষের জন্য একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সেখানে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্য এবং সক্রিয় নাগরিক অংশগ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা জানান, গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রত্যেক নাগরিকের ভোটদান অত্যন্ত জরুরি। এছাড়াও পরিবেশ সংরক্ষণ ও গণতন্ত্রের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। নদী ও জলজ পরিবেশ রক্ষার মাধ্যমে একটি সুস্থ সমাজ এবং শক্তিশালী গণতন্ত্র গড়ে তোলার বার্তা দেওয়া হয়।

সমগ্র অনুষ্ঠানটি এলাকায় ব্যাপক সাড়া ফেলে এবং স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মত প্রকাশ করেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *