BJP, Nalhati, খবরের জের, মন্দিরের নামে তোলাবাজি বন্ধ করল পুলিশ, বহিষ্কৃত বিজেপি নেতা

আমাদের ভারত, রামপুরহাট, ৬ অক্টোবর: আমাদের ভারতের খবরের জেরে মন্দির সংস্কারের নামে চাঁদা তোলা বন্ধ করল পুলিশ। মঙ্গলবার বীরভূমের নলহাটি থানার পুলিশ আকালীপুর গুহ্যকালী মন্দির চত্বরে গিয়ে অবৈধভাবে চাঁদা তোলা বন্ধ করে দেয়। সেই সঙ্গে পরিস্কার জানিয়ে দেয় পুনরায় চাঁদা তোলা হলে আইনি পদক্ষেপ করা হবে।

প্রসঙ্গত, মহারাজা নন্দকুমারের প্রতিষ্ঠিত নলহাটির আকালিপুরে গুহ্যকালী মন্দির সংস্কারের নামে বেশ কিছু দিন থেকে কয়েকজন রশিদ ছাপিয়ে চাঁদা তুলছিল। তাদের মধ্যে অন্যতম ছিলেন হাঁসন বিধানসভার ২ নম্বর মণ্ডল সহ সভাপতি রবীন্দ্রনাথ প্রামাণিক। তার নেতৃত্বেই মন্দির সংলগ্ন এলাকায় টেবিল চেয়ার লাগিয়ে চাঁদা তোলা হচ্ছিল বেশ কিছুদিন থেকে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মহারাজা নন্দকুমারের দৌহিত্র সিদ্ধার্থ শঙ্কর রায় এবং তাঁর বাবা ভবানী শঙ্কর রায়। এরপরেই বিজেপির পক্ষ থেকে চাঁদা তোলার বিরোধিতা করে পুলিশকে জানানো হয়।

হাঁসন ২ মণ্ডল সভাপতি গোবিন্দ মহান্ত বলেন, “আমরা রবীন্দ্রনাথ প্রামাণিককে সতর্ক করেছিলাম। কিন্তু উনি আমাদের কথার গুরুত্ব দেননি। তাই আমরা সর্বসম্মতিক্রমে তাঁকে বহিষ্কার করলাম। দু- একদিনের মধ্যে তাঁকে বহিষ্কারের চিঠি পাঠিয়ে দেওয়া হবে। বিজেপি তোলাবাজিকে প্রশ্রয় দেবে না। আমরা তৃণমূলের সংস্কৃতি নিয়ে ক্ষমতায় আসিনি। কিন্তু মণ্ডল সহ সভাপতি মন্দিরের নামে দল বিরোধী কাজ করেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *