সাথী দাস, পুরুলিয়া, ৪ জানুয়ারি: কোভিড সচেতনতায় পুরুলিয়ার বান্দোয়ানে রুটমার্চ করল পুলিশ। মানবাজার মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে, ওসি মাইকিং করে সচেতনতা বাড়াতে কোভিড বিধি মেনে চলতে বলেন পথচারী ও স্থানীয়দের। পথচারীদের ফেস মাস্ক পরিয়ে দেন পুলিশ আধিকারিকরা। বান্দোয়ানের চক বাজার এলাকায় মূল রাস্তায়, বাজারে এই সচেতনতামূলক অভিযান চালায় পুলিশ।

হাটে বাজারে ক্রেতা বিক্রেতাদের সচেতনতা বাড়াতে অভিযান হয়। ওমিক্রনের ভ্রুকুটি দেখা দিতেই তৎপর হয়েছে প্রশাসন। সমান্তরালভাবে জনসচেতনায় পথে নেমেছে রাজনৈতিক দল ও বিভিন্ন সমাজসেবী সংস্থা। তারই রেশ ধরে আজ পুরুলিয়া শহরের বিভিন্ন সবজি হাটে ফেস মাস্ক তুলে দেন সমাজসেবী কিছু মানুষ। পুরুলিয়া পুরসভার প্রাক্তন উপ পৌরপ্রধান বৈদ্যনাথ মন্ডলের উদ্যোগে বিভিন্ন হাটে জনসচেতনতা বাড়িয়ে কোভিড বিধি মেনে চলার কথা বলেন তাঁরা।


