অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১১ জানুয়ারি: কিশোরীকে অপহরণের অভিযোগ পাওয়ার ৭ দিনের মাথায় অপহরণের কিনারা করল গোপীবল্লভপুর থানার পুলিশ। পাশের রাজ্য ঝাড়গ্ৰন্ড থেকে উদ্ধার করা হল গোপীবল্লভপুর থানা এলাকার কেন্দুগাড়ি ৭ নম্বর অঞ্চলের পিতানাউ গ্রামের এক কিশোরীকে।
পুলিশ সুত্রে খবর, গত ৩ জানুয়ারি কিশোরীর পরিবারের পক্ষ থেকে ঝাড়খন্ডের এক যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করা হয় গোপীবল্লভপুর থানার। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে গোপীবল্লভপুর থানার পুলিশ। শেষ মেষ পুলিশ জানতে পারে ঝাড়খন্ডের বড়শোল এলাকার গোহালমারা গ্রামে থেকে অভিযুক্ত যুবক রবীন সরেনের বাড়িতেই রয়েছে ওই কিশোরী। তখন ঝাড়খন্ড পুলিশের সহায়তায় সোমবার গোপীবল্লভপুর থানার এসআই পার্থ সারথি দে ও অন্যান্য পুলিশ কর্মীরা ওই যুবকের বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করে, রবীন সরেন নামে ঝাড়খন্ডের এই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর সোমবার অভিযুক্তকে ঝাড়গ্ৰাম আদালতে তুললে বিচারক ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ভৌগলিক দিক দিয়ে আন্ত রাজ্য সীমান্ত এলাকায় গোপীবল্লভপুরের অবস্থান হওয়ায় বরাবরই পাশের রাজ্য ওড়িশা এবং ঝাড়খন্ডকে নির্ভর করে অবৈধ কার্যকলাপের খবর পাওয়া যায় এলাকায়।তার মধ্যে এই কিশোরী অপহরণের ঘটনা এলাকায় অসাধু চক্রের কোনো অবস্থান আছে কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে সাত দিনের মাথায় পুলিশের এই সাফল্যে যথেষ্টই কৃতিত্বের বিষয় বলে মত ওয়াকিবহাল মহলের।

