ভরতপুর থানার ওসিকে ৪৮ ঘন্টার মধ্যে বদলি করার হুমকি দেওয়ায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৭ ডিসেম্বর: ভরতপুর থানার ওসিকে ৪৮ ঘন্টার মধ্যে বদলি করার হুমকি দেওয়ায় বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ।

গত শুক্রবার ভরতপুরে তৃণমূল কংগ্রেসের এক
কর্মিসভায় বক্তৃতা রাখতে গিয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর বলেন, যদি আমাদের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসে তা হলে আমাদের তার জবাব দিতে হবে। তারজন্য যদি আইনশৃঙ্খলার অবনতি হয় সেজন্য প্রশাসনই দায়ি থাকবে। আমি ওসিকে বলে যাব, আমি বিধায়ক, আমিই শেষ কথা বলব। “টারজানকে ওসি ফোন করেছিল আমি টারজানকে পরিষ্কার বলে দিয়েছি তুমি ওসিকে বলো যে তুমি দালালি বন্ধ কর, যদি ভরতপুরের ওসি থাকার ইচ্ছা থাকে। আর তা না হলে ৪৮ ঘণ্টার মধ্যে তোমাকে এখান থেকে বাধ্য করবো তাবরি গোটাতে। থানার সামনে গিয়ে বসবো, টেবিলের উপর পায়ে পা দিয়ে। তখন ঠিক বুঝতে পারবা হুমায়ুন কবির কি জিনিস। অটোমেটিক তুমি এখান থেকে ছেড়ে চলে যাবা।”

মুর্শিদাবাদ জেলা পুলিশের সূত্রে জানা গিয়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে ১১৬, ১১৭, ১১৯, ১৫৩, ১৬৬, ১৮৯, ৫০৪, ৫০৫, ৫০৬ আইপিসি এবং ৫১ ডিএম ধারায় মামলা রুজু করেছে ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু মুখার্জি ভরতপুর থানায়।

হুমায়ুন কবিরের এই মন্তব্যের জেরে বিরোধী রাজনৈতিক দল একাধিক প্রশ্ন তুলেছিল রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে এবং প্রকাশ্য সভায় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য তৃণমূল কংগ্রেস দলকে বারবার কাঠ গড়ায় তুলছিল রাজ্যের বিরোধী দলগুলি সেই জায়গায় দাঁড়িয়ে বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শাওনি সিংহ রায় বলেন, হুমায়ুন কবিরের এধরনের মন্তব্য দল কোনও ভাবেই সমর্থন করে না, তার যদি প্রশাসনের বিরুদ্ধে কোনো ক্ষোভ থাকতো তিনি দলকে জানাতে পারতেন দল নিজের মতো ব্যবস্থা নিত। হুমায়ুন কবিরের এই মন্তব্য কোনওভাবেই কাম্য নয়। মুর্শিদাবাদ জেলায় বারবার বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে আসছেন হুমায়ুন কবির। এখন দেখার বিষয় এটাই যে, পুলিশের পক্ষ থেকে হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করার পর এই ঘটনার শেষ পরিণতি কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *