আমাদের ভারত, ৩০ জুন: পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের দমন পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত। প্রথম থেকেই পিওকের বাসিন্দাদের বিক্ষোভের পেছনে ভারতকে দায়ী করার ইঙ্গিত দিয়েছে শাহবাজ সরকার। তাদের ভয় ভারত পিওকে দখল করে ফেলতে পারে। এরমধ্যেই মঙ্গলবার রাওয়াল কোটে হাজার হাজার পিওকে-র বিক্ষোভকারী স্লোগান দিল অধিকৃত কাশ্মীর পাকিস্তানের ভূ- খণ্ড নয়। একটানা বিক্ষোভের ২২তম দিনে ইদগাহ ময়দানে সমবেত হয়েছিল বিরাট সংখ্যক জনতা।
সেখানে একাধিক ব্যক্তির বিস্ফোরক ভাষণ দিয়েছেন। তাদের বক্তব্য, এই অঞ্চলটিকে আর পাকিস্তানে নিয়ন্ত্রণের অধীনে বিবেচনা করা উচিত নয়। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে তারা হুঁশিয়ারি দেন, দমন পীড়ন বন্ধ না হলে ভারতের সঙ্গে বাস্তবেই জোরালো সম্পর্ক গড়ে তোলা হবে তাদের তরফে।
প্রসঙ্গত অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি, রাষ্ট্রীয় দমন পীড়ন ও প্রশাসনিক অবহেলার মতো অভিযোগে দীর্ঘদিন ধরে উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর। বিক্ষোভের আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যে কর্তৃপক্ষ ৫ জুন থেকে ওই অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে। মানবাধিকার কর্মী সর্দার আমার খান সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। খাদ্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের উপর দুই সপ্তাহের প্রশাসনের নিষেধাজ্ঞা আন্দোলনের মাত্রা আরো তীব্রতর করেছে।

