Mohan Bhagwat, RSS, ভারতে সরকার ফেলার প্ল্যানিং সফল হবে না: মোহন ভাগবত

আমাদের ভারত, ২০ অক্টোবর: বাংলাদেশ ও নেপালের কায়দায় ভারতীয় সরকার ফেলার চেষ্টা চলছে। দশেরা উপলক্ষে ভাষণ দিতে গিয়ে মঙ্গলবার এমনটাই বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেখানে বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া বিক্ষোভের কথা তিনি তুলে ধরেন। একই সঙ্গে স্পষ্টভাবে জানিয়ে দেন, অন্য যে দেশে যাই হোক না কেন ভারতের সরকার ফেলার পরিকল্পনা সফল হবে না। একইসঙ্গে ভাগবত মনে করিয়েছেন যে প্রতিবাদেরও প্রয়োজন রয়েছে।

নাগপুরে আরএসএস- এর বিজয়া দশমী উদযাপনে ভাগবত বলেন, আসুরিক শক্তিরা সবসময় পরিকল্পনা করে, কিভাবে ভারত, হিন্দু এবং সংঘকে ছত্রভঙ্গ করা যায়। তাকিয়ে দেখুন, ফ্রান্স, অ্যালবেনিয়া, নেপাল, বাংলাদেশে কী চলছে। ওই একই রকম ষড়যন্ত্র চলছে ভারতেও। কিন্তু সরকার ফেলার পরিকল্পনা ভারতে সফল হবে না, কারণ ভারত শক্তিশালী হয়ে এগিয়ে চলেছে। ওরা বলে সরকার ফেলে দিলেই অবস্থার উন্নতি হবে, কিন্তু তেমনটা অতীতে কখনো ঘটেনি, আজও ঘটবে না।

আইসা প্রধান নেহা বোরা স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশের ছাত্র বিক্ষোভ দেখেই তারা দিশা পেয়েছেন। অর্থাৎ বাংলাদেশের ছাত্র বিক্ষোভ তাদের অনুপ্রেরণা। বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের নেপথ্যে ছিল জুলাই আন্দোলন। সেই আন্দোলনের ছাত্র নেতারাও তাদের আন্দোলনকে সমর্থন করেছে। পরে বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ প্রকাশ্যে দাবি করেন, তারা রেজিম চেঞ্জ চাইছেন।

মঙ্গলবারের ভাষণে ভাগবত কারো নাম উল্লেখ না করলেও ওয়াকিবহাল মহল মনে করছে জনতা পার্টি এবং অন্যান্য আন্দোলনকারীদের বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন আরএসএস প্রধান।

ভাগবত বলেছেন, গণতন্ত্রে প্রতিবাদের দরকার আছে। প্রতিবাদ অবশ্যই হওয়া উচিত, কিন্তু সেটার উদ্দেশ্য হওয়া উচিত কেবল সমস্যার সমাধান খুঁজে বের করা। রাজনৈতিক উদ্দেশ্যে বা ভোট বাক্সে সাফল্য পাওয়ার জন্য যেন প্রতিবাদ না হয়। নেহা সহ অন্যান্য প্রতিবাদীদের বিঁধে ভাগবত বলেছেন, বহু শক্তি কাজ করছে আমাদের মধ্যে অসন্তোষ আর বিশৃঙ্খলা তৈরির জন্য। তাই আমাদের সতর্ক থাকতে হবে যেন এই ফাঁদে পা না দিই আমরা। ভাগবতের এই ভাষণের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *