ইংরেজবাজারে ৫ লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধার

আমাদের ভারত, ১১ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ বেআইনি ফেনসিডিলসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করলো ইংরেজ বাজার থানার অন্তর্গত মিলকি ফাঁড়ির পুলিশ। উদ্ধার হওয়া ফেনসিডিলগুলির বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা।

শুক্রবার গভীর রাতে মিল্কি স্ট্যান্ড থেকে মিঠুন সেখ নামে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১,১২০ বোতল বেআইনি ফেনসিডিল। পিচবোর্ডের বাক্সে ওই ফেনসিডিলগুলি মজুত করে বাইরে কোথাও পাচার করার পরিকল্পনা করেছিল অভিযুক্ত ওই ব্যক্তি। কিন্তু পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে ধরে ফেলে। উদ্ধার হওয়া ফেনসিডিলগুলির বর্তমান বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা বলে জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা। ধৃতকে শনিবার আদালতে পেশ করে মিলকি ফাঁড়ির পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *