চিত্ত মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ মে: করোনা মহামারী ও দারিদ্রতার কারণে এলাকার স্কুলছুট হয়ে যাওয়া শিশু পড়ুয়াদের জন্য বিনামূল্যে একটি পাঠশালায় পড়াশোনার ব্যবস্থা করেছে শালবনি থানা। স্থানীয় বুড়িশোল গ্রামের স্বেচ্ছাসেবী সংস্থা ‘ছত্রছায়া’র সহযোগিতায় এবং থানার পুলিশ আধিকারিক গোপাল বিশ্বাসের উদ্যোগে সেখানকার কমিউনিটি হলে শুরু হয়েছে পাঠশালা।

জঙ্গল লাগোয়া গ্রামগুলির লোধা শবর ছেলেময়েদের সেখানে পাঠদান করছেন বুড়িশোল গ্রামেরই গৃহবধূ অপরূপা পাল। শিক্ষা কেন্দ্রটি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সমাজসেবী তথা শিক্ষক অভিজিৎ ঘোষকে। লোধা শবরদের মত অনগ্রসর সম্প্রদায়ের ছেলেমেয়েদের অশিক্ষার অন্ধকার থেকে তুলে এনে তাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াই এই পাঠশালার লক্ষ্য বলে জানান শালবনি থানার আইসি গোপাল বিশ্বাস।

‘ছত্রছায়া’র কর্ণধার নতুন ঘোষ জানিয়েছেন, আমাদের এরকম আরও কয়েকটি পাঠশালা খোলার পরিকল্পনা রয়েছে। কোনও ব্যক্তি, সংগঠন কিংবা প্রতিষ্ঠান এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে শীঘ্রই আমরা সেগুলি চালু করতে পারব।

