মার্চের মাঝামাঝিতেই মহামারীর প্রকোপ কাটতে পারে, সাধারণ রোগে পরিণত হতে পারে করোনা, মত আইসিএমআরের বিশেষজ্ঞের

আমাদের ভারত, ১৯ জানুয়ারি:মার্চের দ্বিতীয় সপ্তাহেই ভারতবর্ষে কোভিড মহামারীর প্রকোপ কেটে যেতে পারে। কোভিড সাধারণ রোগে পরিণত হবে। হ্যাঁ এমনি আশার কথা জানালেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের এপিডেমিওলজিক্যাল বিভাগের প্রধান সমীরণ পান্ডা।

তবে মহামারী শেষ হবার জন্য বেশ কয়েকটি শর্ত থাকে। তাঁর কথায় যদি ভাইরাসের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকে তবেই মার্চের মধ্যে আমরা মহামারির শেষ দেখব। তিনি বলেন কোভিডের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি থাকলে এবং নতুন কোন ভাইরাসের প্রজাতি যদি আর না গজিয়ে ওঠে তাহলেই ১১ মার্চের মধ্যেই শেষ হবে মহামারী।

আইসিএমআরের এপিডেমিওলজিক্যাল বিভাগীয় প্রধান জানান, তাদের গাণিতিক প্রজেকশন বলছে, ওমিক্রন এর মেয়াদ কোনভাবেই তিন মাসের বেশি নয়। পৃথিবীতে ওমিক্রনের প্রাদুর্ভাব ঘটে ছিল গত ১১ ডিসেম্বর। সেই হিসেবে ১১ মার্চের পর পৃথিবীতে ভাইরাসের ওমিক্রন প্রজাতির অস্তিত্ব থাকার কথা নয়।

সমীরণ পান্ডার কথায়, ১১ মার্চ থেকে আমরা মহামারীর শেষ হয়তো লক্ষ্য করতে পারব। কিন্তু এর প্রভাব সম্পূর্ণভাবে বুঝতে আরো দু সপ্তাহ অপেক্ষা করতে হবে, বিশেষ করে মুম্বাই দিল্লির মতো জায়গায় যেখানে সংক্রমণ শীর্ষে পৌঁছেছে।

দেশের প্রথম সারির এই মহামারী বিশেষজ্ঞ জানান, এই মুহূর্তে দেশের বিভিন্ন রাজ্যে মহামারী বিভিন্ন স্তরে রয়েছে। রাজ্যগুলির সংক্রমণের হার অনুযায়ী পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা দরকার। তার কথায়, “আমরা কখনো পরীক্ষা কমিয়ে আনার কথা বলিনি। আমরা বলেছি পরীক্ষা আরও নির্দেশ মেনে হোক এবং উদ্দেশ্য মূলক হোক। মহামারীর চরিত্র বদলানো সঙ্গে সঙ্গে আমাদেরও স্ট্র্যাটেজি বদলাতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *