ভারতের মাটিতে ধর্মীয় শোভাযাত্রায় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান, ধৃত ৩

আমাদের ভারত, ২১ অক্টোবর: ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান। ঘটনাটি ঘটেছে দেশের রাজধানী দিল্লি থেকে ঢিল ছোড়া দূরত্বে নয়ডায়। ঘটনার জেরে এখনো পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির চেষ্টা এবং হিংসায় উস্কানি দেওয়ার মামলা রুজু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায় নয়ডায় সেক্টর ২০ থানা এলাকায় এক ধর্মীয় শোভাযাত্রায় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছেন কয়েকজন যুবক। সেক্টর ৮ এলাকায় গতকাল রাতে একটি মসজিদের কাছে ইদ এ মিলাদ উন নবি উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করে স্থানীয়রা। পুলিশ সূত্রের খবর, ওই শোভাযাত্রাটিতে কয়েকজন পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেয়। জানা গেছে, ওই শোভাযাত্রায় প্রথম দিকে হিন্দুস্থান জিন্দাবাদ স্লোগান দেওয়া হচ্ছিল। কিন্তু হঠাৎই তার মধ্যে থেকে কয়েকজন পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি শুরু করে।

এই ভিডিও সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভাইরাল ভিডিও দেখেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। ভিডিওটি ভালো করে খতিয়ে দেখার পর তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত তিনজন হলো মহম্মদ জাফর, সামির আলি, আলি রাজা। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

শোভাযাত্রাটি একটি মসজিদের কাছ থেকেই শুরু হয়েছিল। যদিও মসজিদ কর্তৃপক্ষ এই ঘটনার দায় অস্বীকার করেছে। তাদের দাবি, শোভাযাত্রার আয়োজন তারা করেননি।‌ এই শোভাযাত্রাটি স্থানীয়দের উদ্যোগে হয়েছিল। ওই দুষ্কৃতীদের সঙ্গে মসজিদের কোনও সম্পর্ক নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *