“এ রাজ্যের হিন্দুরা সুরক্ষিত নয়”, বাংলাদেশের ঘটনায় শিলিগুড়িতে প্রতিবাদ মিছিলে কটাক্ষ বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনের

আমাদের ভারত, শিলিগুড়ি, ২১ অক্টোবর: বাংলাদেশের কুমিল্লার নোয়াখালিতে ধর্মীয় পীঠস্থানে দুষ্কৃতীদের হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে পথে নামল বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটি। বৃহস্পতিবার সকালে ঘটনার প্রতিবাদে শিলিগুড়ির হাশমি চক থেকে একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শিলিগুড়ির হিলকার্ট রোড পরিক্রমা করে। মিছিলে পা মিলিয়েছিলেন মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক আনন্দময় বর্মন।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ জুড়ে যখন আপামর বাঙালি দুর্গাপুজোর আনন্দে মাতোয়ারা ঠিক সেই সময় বাংলাদেশে ১০০ র বেশি দুর্গাপুজোর মণ্ডপে প্রতিমা ভাঙ্গচুর করা হয়। হামলা চালানো হয় সেখানকার ইসকন মন্দিরের ভক্তদের ওপর। এই ঘটনার পর থেকে আতঙ্কিত ওপারের হিন্দুরা। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা দেশের রাজনীতি। প্রতিবাদে নেমেছে রাজনৈতিক দলগুলিও। অন্যদিকে ওপার বাংলার ঘটনার রেশ এসে পড়েছে এপার বাংলাতে। রাজ্যজুড়ে প্রতিদিনই এই ঘটনার নিন্দা জানিয়ে মিছিল বিক্ষোভ লাগাতার জারি রয়েছে। শাসক দল তৃণমূলের পাশাপাশি প্রতিবাদ জানিয়ে পথে নেমেছে বিজেপি। বৃহস্পতিবার একইভাবে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির তরফে বাংলাদেশের এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এক প্রতিবাদ ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। এদিন মিছিলটি বিজেপির দলীয় কার্যালয় হাশমি চকে জয়মণি ভবনের কাছে থেকে শুরু করে সমগ্র হিলকার্ট রোড পরিক্রমা করে। মিছিলে পা মেলান মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ বিজেপি নেতৃত্ব এবং
কার্যকর্তারা।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন বলেন, বাংলাদেশের যেভাবে দুর্গা পুজোর মন্ডপে হামলার ঘটনা ঘটল এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এর ফলে বাংলাদেশের হিন্দুরা আজ আতঙ্কিত। তাই তাদের পাশে দাঁড়াতেই এই প্রতিবাদ মিছিল। অন্যদিকে এদিন তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের হিন্দুরাও তৃণমূল রাজ্যে সুরক্ষিত নয়। ভোট-পরবর্তী হিংসার ঘটনা তার প্রমাণ রাখে। কারণ ভোট পরবর্তী হিংসায় যেভাবে হিন্দুদের ওপর হামলা চালানো হয়েছিল তা অত্যন্ত নিন্দনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *