আমাদের ভারত, দার্জিলিং, ১৫ সেপ্টেম্বর: দার্জিলিং জেলায় বিভিন্ন জায়গায় টিকাকরণ চললেও শিলিগুড়িতে টিকা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যহত। মঙ্গলবার টিকা না পেয়ে পথ অবরোধ করেন মহিলারা। বুধবারও ওই ২৪নম্বর ওয়ার্ডেই ফের টিকা নিয়ে ঝামেলা বাঁধে। ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে হেনস্থা করা হয় বলে অভিযোগ।
মঙ্গলবারের মতই নাকি বুধাবারও টিকাকরণ শিবির দখল করে নেয় বহিরাগত তৃণমূলীরা, এমনই অভিযোগ। তারপর তাদের দেওয়া তালিকা দিয়েই টিকা শুরু হয়। এই খবর পেয়েই শিবিরে পৌঁছে যান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। ঠিক তখনই তাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমুলীরা। এমনকি তার গাড়িতে নাকি লাথি মারা হয়, তাকে নাকি ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এর প্রতিবাদেই গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে শামিল হন তিনি। তাঁর বক্তব্য গোটা রাজ্যে একমাত্র শিলিগুড়িতেই টিকা নিয়ে রাজনীতি করা হচ্ছে। শাসক দল শুধুমাত্র তাদের দলের লোকজনদের বেছে বেছে টিকা দিচ্ছে। আমি গিয়ে প্রতিবাদ করতেই আমাকে ঘিরে ধরে ধাক্কা মারে। গাড়িতেও লাথি মারা হয় পেছন থেকে। তবে আমি শিলিগুড়ির বিধায়ক আমাকে মেরে ফেললেও আমি শহরবাসীর জন্য লড়ে যাবো। আমার লক্ষ্য সকলে যাতে টিকা পায়।

তবে গোটা বিষয় নিয়ে উষ্মা প্রকাশ করেছেন শিলিগুড়ির প্রশাসক গৌতম দেব। তিনি বলেন, আমি নিজে সব শিবিরে যাচ্ছি টিকাকরণ দেখতে। কিন্তু কোথাও কোথাও কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। তা হওয়াটা ঠিক নয়। আমি নিজে ২৪ নম্বর ওয়ার্ডে গিয়ে পুলিশকে বলেছি লাইন ঠিক রাখার জন্য। বাইরের কাউকে থাকতে দেওয়া হবে না সরকারি কর্মী বাদে। দলমত নির্বিশেষে টিকাকরণ চলছে। কিন্তু এখানে যে ঘটনা ঘটেছে তা পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক। আমি নিজে সব কাজ ফেলে এই কাজ করে যাচ্ছি। এতদিন কোনও ওয়ার্ডে ঝামেলা হলো না এই ওয়ার্ডেই শুধু গন্ডগোল পাকানো হলো। আমি পুলিশকে সজাগ থাকতে বলে দিয়েছি।

