পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জুলাই: আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে উদ্যোগী হয়েছে জেলা কংগ্রেস। সেই লক্ষ্যেই রবিবার বিকেলে মেদিনীপুর শহরের জেলা কংগ্রেস কার্যালয়ে দলীয় কর্মী ও নেতৃত্বকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে মেদিনীপুর পৌরসভার ২৫টি ওয়ার্ডের কংগ্রেসের কার্যকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন। আগামী পৌর নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে দলীয় কার্যকলাপ আরও সক্রিয় করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে জেলা নেতৃত্ব কর্মীদের উদ্দেশ্যে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান। আগামী পৌর নির্বাচনে কংগ্রেস যাতে সংগঠিতভাবে লড়াই করতে পারে, সে বিষয়ে একাধিক দিক নির্দেশনাও দেওয়া হয়।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি দেবাশিস ঘোষ, মেদিনীপুর শহর কংগ্রেসের ইনচার্জ তথা কাউন্সিলর মহম্মদ সাইফুল, যুব নেতা আহমেদ হোসেন- সহ জেলা ও শহর কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী- সমর্থক।

বৈঠকের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রায় শতাধিক কর্মীর কংগ্রেসে যোগদান। জেলা কংগ্রেস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান নেতৃত্ব। জেলা নেতৃত্বের দাবি, নতুন কর্মীদের যোগদানে সংগঠন আরও শক্তিশালী হবে এবং আগামী পৌর নির্বাচনে তার ইতিবাচক প্রভাব পড়বে।
জেলা কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, আগামী পৌর নির্বাচনকে সামনে রেখে তৃণমূল স্তরে সংগঠনকে আরও সক্রিয় করা, কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়াই এখন মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যেই আগামী দিনেও বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে সাংগঠনিক বৈঠক, জনসংযোগ কর্মসূচি এবং সদস্য সংগ্রহ অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে।

