উদয়নারায়ণপুরে এক হাজার বিজেপি কর্মীর তৃণমূলে যোগ, যোগ দিলেন ঘর ছাড়ারাও

আমাদের ভারত, হাওড়া, ৪ জুলাই: বিধানসভা নির্বাচনের পর যখন বিজেপি নেতারা তাদের দলীয় কর্মীদের ঘরছাড়া নিয়ে সরব হচ্ছেন তখন সেইসব ঘরছাড়া বিজেপি কর্মীরা স্থানীয় বিধায়কের উদ্যোগে শুধু বাড়ি ফিরে আসছেন তাই নয়, তারা তৃণমূলে যোগ দিচ্ছেন। সেই রকম রবিবার হাওড়া জেলা উদয়নারায়ণপুরের পাঁচারুলে ২০০ ঘরছাড়া বিজেপি কর্মী ঘরে ফেরার পাশাপাশি তৃণমূলে যোগ দিল। এদিন সব মিলিয়ে এক হাজার বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেয়।

কেন্দ্রীয় সরকারের “জনবিরোধী নীতির” প্রতিবাদে এদিন পাঁচারুলে তৃণমূল কংগ্রেস এক সভার আয়োজন করে। সেই সভাতে বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দেয়। এইসব কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা।

বিধায়ক বলেন, বিধানসভা নির্বাচনের আগে এলাকায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এইসব বিজেপি কর্মীরা এলাকার মানুষকে বিভ্রান্ত করেছিল। আর সেই কারণেই নির্বাচনের ফল প্রকাশের পরেই জনরোষের হাত থেকে বাঁচতে তারা গ্রামছাড়া হয়ে গিয়েছিল। যদিও পরবর্তী সময় নিজেদের ভুল বুঝতে পেরে তারা আমার সাথে যোগাযোগ করে এবং গ্রামে ফিরে আসার আবেদন জানায়। সেই সময় আমি তাদের কথা দিয়েছিলাম গ্রামে ফিরিয়ে আনার, আজ সেই কথা রাখলাম।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কর্মীরা বলেন, “ঘর ছাড়ার পর সেভাবে বিজেপি নেতারা আমাদের পাশে না দাঁড়ানোয় আমরা দল ত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

প্রসঙ্গত এর আগে বিধায়ক সমীর পাঁজার উদ্যেগে উদয়নারায়ণপুরের সিংটি এবং খিলা অঞ্চলে কয়েকশো ঘরছাড়া বিজেপি কর্মী বাড়ি ফিরে এসেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *