স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ জানুয়ারি: বোমা ফেটে গুরুতর জখম হল এক ব্যক্তি। মঙ্গলবার অধিক রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার ঘেরা গ্রামে। পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তির নাম ফৈজুল হক। তাকে উদ্ধার করে রাতেই রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সাবিরুল ইসলামের শ্বশুর বাড়ির সঙ্গে বেশকিছুদিন ধরে গণ্ডগোল চলছিল। এনিয়ে গ্রামে সালিশি সভাও হয়। শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে দুই বাড়ির মধ্যে গণ্ডগোল থামে। কিন্তু বুধবার রাতে ঘেরা গ্রামে আচমকাই বোমা ফেটে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ফৈজুল হক। কিভাবে ওই ব্যক্তি বোমার আঘাতে জখম হল তা নিয়ে উঠছে প্রশ্ন।

ফৈজুল হকের আত্মীয় সাবিরুল ইসলামের দাবি, রাতে ওই এলাকায় শৌচকর্ম করতে গেলে আমচকাই ফৈজুল হক বোমার আঘাতে জখম হয়। কিন্তু এই ঘটনায় তার শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছেন তিনি৷ যদিও এই ঘটনায় পালটা সাবিরুল ইসলামের শ্বশুর বাড়ির সদস্য মতলেব আলী বলেন, আমার ভাইঝির সঙ্গে ওর স্বামীর সম্পর্কের টানাপোড়েন চলছিল৷ এনিয়ে থানাতে একাধিকবার মীমাংসাও হয়। রাতে কোনো অপরাধ মূলক কাজ বা ডাকাতি করতে যাওয়ার পথে বোমা ফেটে গুরুতর আহত হয় ফৈজুল। বিষয়টি ধামাচাপা দিতে আমাদের নামে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে৷ আমরা এব্যাপারে কিছুই জানি না৷ ঘটনাস্থল ঘেরা গ্রাম থেকে আমাদের গুলুন্দর অঞ্চলের মণিহারি গ্রামের দূরত্ব প্রায় ২০ থেকে ২৫ কিমি। রাত ১১ টার পর ওখানে আমরা কী করতে যাব। পুলিশ সঠিক তদন্ত করলেই আসল রহস্য উদঘাটন হবে।
তবে পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছল। কীভাবে এই ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট হয়নি। তবে খুব তাড়াতাড়ি ঘটনার প্রকৃত বিষয় জানা যাবে এবং জড়িতদের গ্রেপ্তার করা হবে।

