পরীক্ষা দিতে যাওয়ার পথে মাধ্যমিক পরীক্ষার্থীকে পিষে মারলো হাতি, শোকের ছায়া রাজগঞ্জের মহারাজঘাট এলাকায়

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৩ ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষা দিতে যাবার সময় হাতির হানায় মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের মহারাজ ঘাট এলাকায়। বাবার সঙ্গে বাইকে করে পরীক্ষা দিতে যাচ্ছিল ওই পরীক্ষার্থী। রাস্তায় হাতি শুড় দিয়ে তুলে মাধ্যমিক পরীক্ষার্থীকে পিষে মারে। মৃত পরীক্ষার্থীর নাম অর্জুন দাস, বাবার নাম বিষ্ণু দাস। স্থানীয় বাসিন্দা ও বনকর্মীরা অর্জুন দাসকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি৷ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জলপাইগুড়ি পাচিরাম নাহাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্র অর্জুন দাসের মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র পড়েছিল বেলাকোবা কেবলপাড়া উচ্চ বিদ্যালয়ে। বাবার সঙ্গে মোটর সাইকেল করে বৈকুন্ঠপুর জঙ্গলের পাশের রাস্তা দিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। স্থানীয় সুত্রের খবর, জঙ্গলের ভেতর দিয়ে কিছু দূরে যেতেই হটাৎ মোটর সাইকেলের সামনে একটি দাঁতাল হাতি চলে আসে। মোটর সাইকেল ফেলে বাবা পালাতে পারলেও অর্জুনকে ধরে ফেলে হাতিটি। সেখানেই তাকে পিষে দিয়ে জঙ্গলে পালিয়ে যায় দাঁতালটি। স্থানীয় বাসিন্দা ও বনকর্মীরা অর্জুনকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে৷

এদিকে হাসপাতালে পৌঁছায় বনকর্মী ও বিধায়ক খগেশ্বর রায়। বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, বৈকুন্ঠ বনবিভাগের ভালোবাসা মোড়ের কাছে জঙ্গলের রাস্তায় মাধ্যমিক পরীক্ষার্থীকে পিষে মারে হাতি। পাচিরাম নাহাটা স্কুলে পড়ত অর্জুন দাস। সরকারি নিয়ম অনুযায়ী সব রকম সাহায্য করা হবে মৃতের পরিবারকে।”

রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, “প্রতিবছর হাতির আক্রমণে তিন চারজন বাসিন্দার প্রাণ যায়। কিভাবে হাতির আক্রমণ বন্ধ করা যায় সেটা দেখা হচ্ছে।”

মৃত ছাত্রের কাকা গোবিন্দ দাস বলেন, “দাদার সঙ্গে ভাস্তা যাচ্ছিল পরীক্ষা কেন্দ্রে। হাতি আক্রমণ করে। হাসপাতালে নিয়ে গেলে ভাস্তাকে মৃত বলে জানায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *