জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২১ অক্টোবর: সিপিএম নেতা তাপস সিনহার উদ্যোগে প্রায় এক বছর পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কেশিয়াড়ির পানো হেমরম।

এক পথ দুর্ঘটনায় আহত হয়ে বছর খানেক আগে মেদিনীপুর মেডিকেল কলেজের ফিমেল অর্থোপেডিক বিভাগে অজ্ঞাত পরিচয় রোগী হিসেবে ভর্তি ছিলেন কেশিয়াড়ি ব্লকের মুড়াবনি গ্রামের বাসিন্দা পানো হেমরম। পথ দুর্ঘটনায় জখম একটি পায়ের হাঁটুর নিচের অংশ বাদ দিতে হয়েছে, স্মৃতিশক্তি দুর্বল, সঠিকভাবে গ্রাম, পরিবার-পরিজনের নামও বলতে পারছিলেন না।
অবশেষে সেই ওয়ার্ডে কর্মরত এক নার্সিং স্টাফের সাহায্যে কিছু তথ্য ও ছবি সংগ্রহ করে গতকাল সোশ্যাল মিডিয়ায় বিষয়টি পোস্ট করেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা। পোষ্টটি অনেকে শেয়ার করেন। সন্ধ্যের মধ্যেই ওই এলাকার কিছু শুভানুধ্যায়ী মানুষ তাপসবাবুর সাথে যোগাযোগ করেন। আজ বৃহস্পতিবার সকালে দুই ছেলে, সুভাষ, হপন, বৌমারা ও পরিজনেরা মেদিনীপুর হাসপাতালে আসেন। সমস্ত নিয়ম কানুন মেনে পানো হেমরমকে নিয়ে পরিজনেরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

