অক্ষয় তৃতীয়ার দিনেও দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণ রইল একদম ফাঁকা

প্রতীতি ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ মে: আজ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার পূণ্য এই দিনে অন্যান্য বারের তুলনায় দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণ রইল একদম ফাঁকা। দক্ষিণেশ্বর মন্দিরে দর্শনার্থীর ভিড় একদম নেই বললেই চলে। রাজ্যের করোনা পরিস্থিতি খুবই ভয়ঙ্কর আকার ধারণ করেছে। রাজ্যে চলছে আংশিক লক ডাউন। করোনা নিয়ে মানুষ এখন আতঙ্কিত। এই পরিস্থিতিতেই শুক্রবার মুসলিম সম্প্রদায়ের ঈদ
পালিত হয় আর তার পাশাপাশি পালিত হল বাঙ্গালীদের উৎসব অক্ষয় তৃতীয়া। পয়লা বৈশাখের মত অক্ষয় তৃতীয়ার দিনেও ব্যবসায়ীরা ব্যবসায় উন্নতি লাভের জন্য লক্ষ্মী গণেশ পুজো দিতে ভবতারিণী মায়ের দক্ষিণেশ্বর মন্দিরে আসেন।

অন্যান্য বছর অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে লক্ষ ভক্তের ভিড় হয় দক্ষিণেশ্বর মন্দিরে। কিন্তু এ বছর করোনা নামক মহামারীর হাত থেকে বাঁচতে মানুষ আতঙ্কিত। সেই সঙ্গে চলছে আংশিক লকডাউন। তাই এবছর দক্ষিণেশ্বর মন্দির চত্বরে ভিড় ছিল না দর্শনার্থীদের। সময়মতো মন্দির প্রাঙ্গণ খুলে দেওয়া হয়। কিন্তু বেলা গড়িয়ে গেলেও আগের মত দর্শনার্থীদের দেখা মেলেনি গোটা মন্দির প্রাঙ্গণজুড়ে। যারাও বা গেছেন পুজো দিতে তাদের সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরেই মন্দিরের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। মন্দিরে ঢোকার মুখে দর্শনার্থীদের ভালো করে স্যানিটাইজ করেই প্রবেশ করানো হচ্ছে। দেহের তাপমাত্রাও মাপা হচ্ছে দর্শনার্থীদের। পুণ্যার্থীরা এদিন করোনা পরিস্থিতি দ্রুত মিটে গিয়ে পৃথিবী সুস্থ্য স্বাভাবিক হওয়ার প্রার্থনা জানান মা ভবতারিণীর কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *