কুমারেশ রায় মেদিনীপুর: সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করা এবং তার জয়যাত্রা অব্যাহত রাখার কথা বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি দেশভাগের ফলে ভারতের টুকরো টুকরো হয়ে যাওয়ার প্রসঙ্গ উল্লেখ করেন। আজ গণেশ পূজো উপলক্ষে ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল ময়দানে, আমরা- রে র উদ্যোগে গণেশ পুজোর উদ্বোধন করতে এসে এই কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ভারতবর্ষের সনাতন ধর্মের কথা উল্লেখ করে তিনি তা রক্ষা করা এবং সনাতন ধর্মের জয়যাত্রা অব্যাহত রাখার কথা বলেন। দেশভাগের প্রসঙ্গ তুলে শুভেন্দুবাবু বলেন, ভারতবর্ষকে কাটতে কাটতে আজকে আমরা কোন জায়গায় এসে পৌঁছেছি? আফগানিস্থানে তালিবানদের ক্ষমতা দখল প্রসঙ্গে তিনি বলেন, তালিবানরা যেভাবে অপেক্ষা করেছে আমেরিকার সৈন্য কবে যাবে, ঠিক সেই ভাবে যারা ভারতবর্ষে যারা পাকিস্তানের পতাকা তুলতে চায় তারা অপেক্ষা করছে মোদীজি কবে যাবে? কবে এই দেশটা তালিবানের হাতে যাবে? কয়েকদিন আগে ভারত সরকারের কাশ্মীরে পণ্ডিতদের হারিয়ে যাওয়া সম্পদ পুনরুদ্ধারের কথা উল্লেখ করেন তিনি। কাশ্মীরি পণ্ডিতরা আবার সেখানে ফিরে গিয়ে বসবাস শুরু করেছেন।

শুভেন্দু বাবু বলেন, গণেশ পূজার মাধ্যমে উৎসব শুরু চলবে সরস্বতী পূজা পর্যন্ত। তিনি ভারতবর্ষের সনাতনী ঐতিহ্যের কথা উল্লেখ করে গীতা পড়ার কথা বলেন। কারণ গীতা না পড়লে এবং সনাতন ধর্ম রক্ষা না করলে একদিন ভারতবর্ষ কোথায় যাবে সেই প্রশ্ন তোলেন তিনি।

