মহিলাদের সঙ্গে জামাইয়ের তাস খেলায় আপত্তি,  লাউদোহায় বচসা থেকে মারধর, মৃত যুবক, ধৃত ১

জয় লাহা, দুর্গাপুর, ৭ নভেম্বর: পাড়ার মহিলাদের সঙ্গে জামাইয়ের তাস খেলায় আপত্তি। সেখান থেকেই বচসা থেকে মারামারি। আর তার জেরে মৃত্যু হল এক যুবকের। শনিবার রাতে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর-ফরিদপুর থানার রসিকডাঙ্গা এলাকায়। 

পুলিশ সুত্রে জানা গেছে, মৃতের নাম পালন বাউরি (৩৫)। রসিকডাঙা গ্রামে তার বাড়ি। এবং একই গ্রামের অন্য পাড়ায় তার শ্বশুরবাড়ি। কালী পুজো উপলক্ষ্যে শ্বশুর বাড়িতেই ছিলেন পালন। এদিন সন্ধ্যায় শ্বশুর বাড়ির পাড়ায় একটি জায়গায় মহিলাদের সঙ্গে তাস খেলতে বসেছিল। তাতেই আপত্তি তোলে পাড়ার লোকজন। তাতেই বচসা থেকে মারধর হয়। মারের চোটে গুরুতর জখম হয় পালন বাউরি। জখম অবস্থায় বাড়ি ফিরে যায়। এবং সেখানে বুকে যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। বাড়ির লোকেরা স্থানীয় এক চিকিৎসকের কাছে পালনকে নিয়ে যায়। পরিস্থিতির অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় লাউদোহা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানকার চিকিৎসকরা পালনকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। উত্তিজিত জনতা অভিযুক্তদের বাড়ি ভাঙ্গচুর করে। ফলে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি সামাল দেয় পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাধাই বাউরি নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *