আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২২ মার্চ: স্বাস্থ্যসাথী কার্ডের সাহায্যে ওপেন হার্ট সার্জারির মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফেরা নোয়াপাড়ার বাসিন্দা প্রণব নস্করের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী মঞ্জু বসু। নোয়াপাড়া বিধানসভা এলাকার দেবীতলা রোডে সোমবার বিকেলে প্রচার সারছিলেন মঞ্জু বসু। সেখানেই বাড়ি প্রণব নস্করের। প্রচারের ফাঁকেই প্রণব নস্করের বাড়িতে গিয়ে তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন মঞ্জু বসু। তিনি যাতে সম্পূর্ন সুস্থ হয়ে ওঠেন এবং ডাক্তারি পরামর্শ মেনে চলেন সেই পরামর্শ দেন নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী।
মঞ্জু বসু সাংবাদিকদের বলেন, “যে বিরোধীরা স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে সমালোচনা করেন, তাঁরা অসত্য কথা বলেন, তৃণমূল কংগ্রেস নেত্রীকে ছোট করার চেষ্টা করেন। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন, অনেক সময় তার থেকেও বেশী করেন। যারা স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে সমালোচনা করছেন, তারা এসে দেখে যাক। যারা সমালোচনা করছেন, তাদের বাড়ির সদস্যরাও স্বাস্থ্যসাথী কার্ড নিয়েছেন। কিন্তু বিরোধীদের স্বভাব সমালোচনা করা, ওরা করবেই।”
মঞ্জু বসু এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ইছাপুর দেবীতলা রোডে জনসংযোগ সারেন। তাঁর প্রচারে ভালো সাড়া লক্ষ্য করা গেছে।

