আমাদের ভারত, ১১ সেপ্টেম্বর: মথুরা বৃন্দাবনে মদ, মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছিল যোগী প্রশাসন। এরপর শুক্রবার জানিয়ে দেওয়া হয় মথুরার ২২টি ওয়ার্ড পবিত্র তীর্থস্থান। তারপর থেকেই পুরসভার ওই ২২টি ওয়ার্ড এলাকায় বন্ধ হয়ে গেছে মদ, মাংস বিক্রি। সেই দোকানগুলো অন্য জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব অবনীশ কুমার অবস্তি জানিয়েছেন, ধর্মীয় স্থান হিসেবে চিহ্নিত করা ওই অঞ্চলে এই ধরনের কোনও দোকান খোলার অনুমতি যাতে না দেওয়া হয় তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে আবগারি ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরকে। ওই এলাকায় এতদিন যেসব মদ ও মাংসের দোকান ছিল সেগুলি অন্যত্র সরিয়ে দেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
জন্মাষ্টমী উপলক্ষে লখনৌতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে যোগী আদিত্যনাথ বলেছিলেন, “মথুরাবাসীকে তাদের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। সেই কারণেই মদ বা মাংস বিক্রি ছেড়ে দুধ বিক্রি করুন। অতীতে প্রচুর পরিমাণে গবাদি পশুর দুধের ভান্ডার ছিল এই মথুরা।” তবে শুধু কথা বলেই থেমে থাকেননি যোগী আদিত্যনাথ। কাজেও করে দেখালেন। মথুরাকে মদ, মাংস মুক্ত করলেন। যোগী জানান ব্রজ ভূমির উন্নয়নের সব ধরনের চেষ্টা তিনি করবেন। তার জন্য তহবিলের কোনও অভাব হতে দেবেন না। একই সঙ্গে মধুরায় আধুনিক প্রযুক্তির সঙ্গে স্থানীয় সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের মেলবন্ধন ঘটানোর চেষ্টা চালানো হবে।
তবে বিরোধীদের মতে রাজ্যে নির্বাচনের আগে ফের হিন্দুত্বের ভোটের ভরসা করার কৌশল সাজাচ্ছে বিজেপি। সেই কারণে মথুরা-বৃন্দাবনে মদ মাংস বিক্রি নিষিদ্ধ করে হিন্দু ভোটব্যাঙ্ককে নিশ্চিত করার ছক সাজাচ্ছে পদ্মশিবির।

