জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বর: সারাদিন প্রায় শুনশান মেদিনীপুর স্টেশন। স্টাফ লোকাল ছাড়া সাধারণ লোকাল ট্রেন বন্ধ। রিজার্ভেশন ছাড়া মিলছে না এক্সপ্রেস ট্রেনের টিকিট। তাই সেই পরিচিত ব্যস্ততাও নেই মেদিনীপুর স্টেশনে। স্টেশন সংলগ্ন এলাকার প্রায় শতাধিক দোকানপাটে ব্যবসা বন্ধ। লোকাল ট্রেনের হকারদের অবস্থা আরও করুন।
সোমবার দেখা গেল, কেবলমাত্র রিজার্ভেশন কাউন্টারে গুটি কতক মানুষের ভিড়। প্রতিদিন তাদের হাওড়া কিংবা পাঁশকুড়া যেতেও রিজার্ভেশন করতে হচ্ছে। সেইসঙ্গে, ধীরে ধীরে পর্যটন কেন্দ্রগুলি খুলে যাওয়ায় সরকারি কর্মীরাও ঘুরতে যাওয়ার রিজার্ভেশন করিয়ে নিচ্ছেন।
দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর, স্টাফ লোকালে জায়গা পাচ্ছেন পুলিশ এবং আদালত ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা। সাধারণের জন্য রিজার্ভেশন করতে হচ্ছে এক্সপ্রেস ট্রেনে। মেদিনীপুর থেকে আপ লাইনে যেতে খড়গপুর থেকে রাচি, আসানসোল ও গোমো এই তিনটি প্যাসেঞ্জার ট্রেনের টিকিট রিজার্ভেশন ছাড়াই পাওয়া যাচ্ছে।

