দীর্ঘ টালবাহানার পর অনুপস্থিত তৃণমূল পঞ্চায়েত সদস্যরা, অবশেষে স্থগিত বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ​অনাস্থা ভোট

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৮ সেপ্টেম্বর: দীর্ঘ টালবাহানার পর অনুপস্থিত তৃণমূল পঞ্চায়েতের সদস্যরা, অবশেষে স্থগিত হয়ে গেল নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অনাস্থা ভোট। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে বিজেপির পক্ষ থেকে বিডিওর কাছে একটি লিখিত আবেদন করা হয় অনাস্থা ভোটের জন্য।

বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বর্তমানে সদস্য সংখ্যা ১৫। পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল তিনটি, নির্দল হয়ে জয়লাভ করেছিল ৬ জন এবং বিজেপির দখলে ছিল ৬ টি আসন। পরবর্তীকালে নির্দলের ৬ জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করার ফলে তৃণমূলের সংখ্যা বেড়ে দাঁড়ায় নয়। এরপরে তারাই বোর্ড গঠন করে। গত বিধানসভা ভোটের আগে তৃণমূলের ওই পঞ্চায়েতের উপপ্রধান বিজেপিতে যোগদান করার ফলে তৃণমূলের সংখ্যা কমে দাঁড়ায় ৮ এ, এর পাশাপাশি বিজেপির সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭। এরপরে বিজেপির পক্ষ থেকে অনাস্থার জন্য আবেদন করা হয়।

আজ প্রশাসনের পক্ষ থেকে অনাস্থা ভোটের প্রস্তুতি নেওয়া হয়। সকাল থেকেই পঞ্চায়েত ভোটে বিজেপি সদস্যরা উপস্থিত থাকলেও তৃণমূলের কোনও সদস্য না আসার কারণে অনাস্থা ভোট স্থগিত হয়ে গেল। যদিও এই অনাস্থা ভোটকে ঘিরে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে ব্যাপক হাতাহাতির ফলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *