শহিদ সম্মান যাত্রায় কোচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক, কথা বললেন বিজেপি কর্মীদের সঙ্গে

আমাদের ভারত, কোচবিহার, ১৯ আগস্ট: বিজেপির শহিদ সম্মান যাত্রায় অংশ গ্রহণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। আজ তিনি ফালাকাটা হয়ে কোচবিহারে আসেন। কোচবিহারের নিউ চ্যাংড়াবান্ধা এলাকায় তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বহু কর্মী ও বিজেপি নেতা নেত্রীরা। উপস্থিত ছিলেন বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী এবং তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা রায়, জেলা বিজেপির কনভেনার অভিজিৎ বর্মন প্রমুখ। মন্ত্রী হওয়ার পর এই প্রথম নিজের জেলায় এলেন নিশীথ প্রামানিক। স্বাভাবিকভাবেই কর্মীদের মধ্যে উৎসাহ ছিল প্রবল।

নিউ চ্যাংড়াবান্ধায় কর্মীদের সঙ্গে কথা বলার পর সেখান থেকে তিনি চলে যান মাথাভাঙ্গা হিন্দুস্তান মোড়ে। সেখানে উপস্থিত কর্মীদের সাথে কথা বলে তিনি ঘোকসাডাঙ্গা ও পুন্ডিবাড়ি হয়ে কোচবিহার জেলা কার্যালয়ে আসেন। তিনি যে পথ দিয়ে গিয়েছেন রাস্তার দু’ধারে বিজেপি কর্মীরা তাঁকে স্বাগত জানিয়েছে।

এদিন কলকাতা হাইকোর্টের ভোট-পরবর্তী হিংসার রায় প্রসঙ্গে বলতে গিয়ে নিশীথ প্রামানিক বলেন, “সত্যের জয় হল, মহামান্য হাইকোর্টের এই ঐতিহাসিক রায়ের ফলে আমাদের বিশ্বাস যারা বিধানসভা নির্বাচনের পরে হিংসার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত ছিল সেই সমস্ত দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি হবে বিচার হবে”।

যদিও নিশীথ প্রামাণিকের শহিদ সম্মান যাত্রাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান উদয়ন গুহ বলেন, যে কেউ যেখানে যেতে পারে এতে অসুবিধে কোথায়। শহিদ সম্মান যাত্রাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ছিল বিভিন্ন এলাকাগুলিতে। নিশীথ প্রামানিক পৌঁছনোর আগে নিউ চ্যাংড়াবান্ধা এলাকায় যখন বিজেপি কর্মীরা জমায়েত হয়েছিল সেই সময় পুলিশ এসে জমায়েত সরিয়ে দেওয়ার কথা বলে, তখন উপস্থিত থাকা বিজেপি নেতা কর্মীদের সাথে বচসা বাধে পুলিশের। বিজেপির অভিযোগ, একদিকে যখন দুয়ারে সরকারের নামে কোভিড বিধি লঙ্ঘন হচ্ছে তখন অন্যদিকে বিজেপির কোভিড বিধি মেনে কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *