NIA, রাজ্যজুড়ে এনআইএ-এর অভিযান, জঙ্গি সন্দেহে গ্রেফতার মসজিদের ইমাম সহ ৪জন

আমাদের ভারত, ২৯ সেপ্টেম্বর: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদিন বাংলাদেশ এবং ইমাম মাহমুদার কাফেলা মডিউলের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে রাজ্য জুড়ে জোর কদমে অভিযান চালিয়েছে এনআইএ। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের একাধিক জেলায় তল্লাশি চালিয়ে এক মসজিদের ইমাম সহ মোট চারজনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা।

তদন্তকারী সূত্রে খবর, ধৃতদের নাম শেখ পিয়ার রহমান। তাকে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি একটি মসজিদের ইমাম। এছাড়াও সাহারুল হক পুরকাইত, মহম্মদ জুম্মান হোসেন, আব্দুর রফিককেও গ্রেফতার করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা থেকে।

মঙ্গলবার ভোরে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পালিশ গ্রাম পূর্ব পাড়া মসজিদে অভিযান চালায় এনআইএ। সেখানকার ইমাম শেখ পিয়ার রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর ভোর পাঁচটা নাগাদ তাকে মঙ্গলকোট থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে গ্রেফতার করা হয়। পিয়ারের মূল বাড়ি মন্তেশ্বরের কুলুট গ্রামে হলেও গত তিন চার বছর ধরে তিনি মসজিদের ইমাম ছিলেন। এনআইএ-র দাবি, তার পাসপোর্ট ঘেঁটে দেখা গেছে তিনি বাংলাদেশে গিয়ে প্রায় ৪০ দিন ছিলেন ও নিষিদ্ধ সংগঠন জেএমবির সঙ্গে তার সরাসরি যোগাযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে বজবজের মিঠাপুকুর ও বলরামপুর এলাকায় অভিযান চালিয়ে প্রথমে জুম্মান হোসেন নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর সুন্দরবন পুলিশ জেলা এলাকা থেকে সাহারুল হক পুরকাইতকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা থেকে আব্দুর রফিক নামেও এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও দক্ষিণ দিনাজপুর হরিরামপুরেও এনআইয়ের বিশেষ টিম অভিযান চালিয়েছে।

জেএমবি ছাড়াও ধৃত ইমামের মাহাবুব কাফিলা মডিউল আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ রয়েছে কিনা নিশ্চিত হতে চাইছেন গোয়েন্দারা। বাংলায় কোনো বড়সড় স্লিপার সেল বা গোপন নেটওয়ার্ক সক্রিয় রয়েছে কিনা, ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে চেষ্টা করছে এনআইএ বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *