সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৫ এপ্রিল: ঘরে ঘরে, বাণিজ্যিক প্রতিষ্ঠানে পূজা ও মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। মন্দির গুলিতেও ভক্তদের ভিড়। নববর্ষ উপলক্ষ্যে বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে ৪৯ তম নববর্ষ উৎসব উদযাপিত হয়। সংঘের সদস্য ও যোগ সেন্টারের সদস্য ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে বাঁকুড়া বঙ্গবিদ্যালয় প্রাঙ্গন থেকে এক ব্যান্ডবাদ্য সহ বর্ণাঢ্য প্রভাতফেরি শহর পরিক্রমা করে। মাচানতলা নেতাজী মূর্তির পাদদেশে শুরু হয়ে সুভাষ রোড, বড়বাজার রাণীগঞ্জ মোড় হয়ে রাসতলা, নুনগোলা রোড হয়ে মাচানতলায় শেষ হয়।
সংঘের সাধারণ সম্পাদক রবীন মন্ডল জানান, এই প্রভাতফেরীতে অংশ নেন সংঘের সভাপতি ডাঃ অমিতাভ চট্টরাজ, কার্যকরী সভাপতি দীপক ঘোষ, সংগঠন সম্পাদক দেবাশীষ দত্ত, সাংবাদিক সন্তোষ ভট্টাচার্য, কবি ভজন দত্ত, পার্থ কুন্ডু, ডঃ প্রিয়নাথ হালদার সহ বিশিষ্ট ব্যক্তি প্রভাতফেরিতে অংশগ্রহণ করেন। নববর্ষ উপলক্ষ্যে আজ সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

