অজানা, অচেনা, অখ্যাত বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের নামের তালিকা তৈরীর উদ্যোগ “অশোকনগর মানবজমিনের”

আমাদের ভারত, ১৫ এপ্রিল: ১৪২৯ বঙ্গাব্দের প্রথম সকালে অশোকনগর মানবজমিনের পক্ষ থেকে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে এক অভিনব উদ্যোগ নেওয়া হল।

বর্তমান বছরটা যেহেতু স্বাধীনতার হিসাবে দেশজুড়ে পালিত হচ্ছে , অশোকনগর মানবজমিনের তরফও নববর্ষের প্রথম দিনে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে এই সংস্থার নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখে তাঁদের স্মরণ করা হয় এক অভিনব, অভাবিত অচিরাচরিত ও অভূতপূর্ব উপায়ে। স্বাধীনতার এতকাল পরেও পুলিশের অসংখ্য গোপন ফাইলে যে হাজার হাজার বিপ্লবীর কথা রয়েছে, তাঁদের নাম ও পরিচয় সংক্রান্ত নথি তৈরী করা হবে এই কর্মশালার মাধ্যমে। বলা বাহুল্য যে, স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বিপ্লবীদের খুব উল্লেখযোগ্য ভূমিকা ছিল এবং সশস্ত্র বিপ্লবীদের মধ্যে বাঙালিদের স্থান ছিল সকলের উপরে।

এই কর্মশালায় প্রায় তিরিশ জন কলেজের ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রধান বক্তা ছিলেন চন্দননগর সরকারি কলেজের ভূতপূর্ব অধ্যাপক শুভেন্দু মজুমদার। অশোকনগর মানবজমিনের কর্ণধার শুভাশিস চক্রবর্তীর উদ্যোগে ও পরিচালনায় এই কর্মশালায় সেই সব অজানা, অচেনা, অখ্যাত বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের নামের তালিকা তৈরী করা হবে যাতে ইতিমধ্যে প্রকাশিত ‘অগ্নিযুগের অভিধান’ গ্রন্থের দ্বিতীয় খন্ডে এদের নাম অন্তর্ভুক্ত হতে পারে। আশা করা যাচ্ছে, এই কর্মশালার মাধ্যমে অন্তত পাঁচ হাজার অজানা ও অপরিচিত বিপ্লবীর নাম সংগৃহীত ও সংকলিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *