৫০ শয্যা বিশিষ্ট নতুন কোভিড ওয়ার্ড বারাসত জেলা হাসপাতালে

প্রতীতি ঘোষ, বারাসাত, ২৪ এপ্রিল:
৫০টি শয্যা বিশিষ্ট নতুন কোভিড ওয়ার্ড খুলতে চলেছে বারাসত জেলা হাসপাতালে। এই নতুন কোভিড ওয়ার্ডের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। যুদ্ধ কালীন তৎপরতায় চলছে প্রস্তুতি।

সারা রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে, আর দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই পরিস্থিতি মোকাবিলায় নেমে পড়েছে সরকার। সেই সঙ্গে সমস্ত জেলায় কোভিড হাসপাতালগুলোর বেড বাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। সেই মতই বারাসাত জেলা হাসপাতালে ৫০ শয্যার নতুন কোভিড ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগেই বারাসত জেলা হাসপাতালে ৫০ শয্যার একটি বিশেষ ওয়ার্ড রাখা হয়েছে, যেখানে শ্বাস কষ্ট ও জ্বর নিয়ে আসা রোগীদের রাখা হচ্ছে। এই ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীদের মধ্যে যারা করোনা পজিটিভ বলে চিহ্নিত হবেন তাদের নতুন করোনা ওয়ার্ডে স্থানান্তরিত করা হবে। ইতি মধ্যেই বারাসাতের সাংসদ কাকলী ঘোষ দস্তিদার তার সাংসদ তহবিল থেকে ১ কোটি টাকা বরাদ্দ করেছিলেন ওই ওয়ার্ড ঢেলে সাজানোর জন্য। সেই অনুযায়ী আগের ওয়ার্ডটিতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন, নেবুলাইজার মেশিন, ভেন্টিলেটর এর ব্যবস্থা করা হয়েছে।

বারাসত জেলা হাসপাতালের সুপার সুব্রত মন্ডল বলেন, “বারাসাত জেলা হাসপাতালে একটি নতুন ভবন হয়েছেন সেখানে ৫০ শয্যা বিশিষ্ট একটি করোনা ওয়ার্ড করা হচ্ছে, যেখানে শ্বাস কষ্ট ও জ্বর নিয়ে আসা রোগীদের মধ্যে যারা করোনা পজিটিভ হবেন তাদের রাখা হবে। আর এখন যা পরিস্থিতি তাতে সকলকে সতর্ক থাকতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, করোনা বিধি মেনে চলতে হবে। ভ্যাকসিন নিতে হবে সবাইকে, ভ্যাকসিন দেওয়ার সেন্টার বাড়ানো হয়েছে তাই সময় মত ভ্যাকসিন নিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *